ইয়ুর্গেন ক্লপের বিদায়ে মোহাম্মদ সালাহকে নিয়েও তৈরি হয়েছিল অনিশ্চয়তা। যেহেতু গত মৌসুমে সৌদি প্রো লিগ থেকে তার জন্য প্রস্তাব এসেছিল। লিভারপুলের প্রাণভোমরা অবশ্য ভবিষ্যৎ নিয়ে পরিষ্কার ইঙ্গিত দিয়েছেন! জানিয়েছেন, আগামী মৌসুমেও ক্লাবের হয়ে লড়াই চালিয়ে যাবেন তিনি।
মিশরীয় ফরোয়ার্ড আগামী মাসে চলমান চুক্তির শেষ বছরে প্রবেশ করবেন। কিন্তু অ্যানফিল্ডে দীর্ঘ সময় থাকতে এখনও দুই পক্ষের মাঝে নতুন কোনও চুক্তি হয়নি।
গত মৌসুমে আবার সৌদি ক্লাব আল ইত্তিহাদ তাকে নিতে ১৫০ মিলিয়ন পাউন্ডের লোভনীয় প্রস্তাবও দিয়েছে। লিভারপুল তাতে সাড়া দেয়নি। আসন্ন ট্রান্সফার উইন্ডোতেও যে তারা বসে থাকবে না সেটা সহজেই অনুমেয়। চলমান গুঞ্জনের মাঝে সোশ্যাল মিডিয়ায় নিজের অবস্থান তুলে ধরেছেন ৩১ বছর বয়সী সালাহ। বলেছেন, ‘আমরা ভালো করেই জানি সব কিছুতে ট্রফিকে গুরুত্ব দেওয়া হয়। আমরা আগামী মৌসুমে সেটার জন্য সম্ভাব্য সব কিছুই করবো। আমাদের ভক্তরা সেটার যোগ্য এবং আমরা সেজন্য প্রাণপণ লড়াইটা করে যাবো।’
কোচ হিসেবে সাড়ে আট বছর থাকার পর কয়েকদিন আগে বিদায় নিয়েছেন ইয়ুর্গেন ক্লপ। তার সঙ্গে ঝামেলায় জড়িয়েছিলেন সালাহ। ওয়েস্ট হ্যামের বিপক্ষে বদলি হিসেবে নামানোয় ক্লপের সঙ্গে বাদানুবাদে জড়ান তিনি। তবে সোশ্যাল মিডিয়া পোস্টে ক্লপের প্রশংসা করে সালাহ বলেছেন, ‘সর্বশেষ সাত বছর আপনার সঙ্গে এই ট্রফি এবং অভিজ্ঞতা ভাগাভাগি করতে পারা আসলে দারুণ ব্যাপার। আপনার ভবিষ্যতের জন্য শুভকামনা। আশা করবো আমাদের যেন আবার দেখা হয়।’