স্পেন ও রিয়ালের সাবেক কোচ ওয়েস্ট হ্যামে

স্পেন ও রিয়াল মাদ্রিদের সাবেক কোচ জুলেন লোপেতেগিকে নতুন প্রধান কোচের দায়িত্ব দিলো ওয়েস্ট হ্যাম ইউনাইটেড। বৃহস্পতিবার প্রিমিয়ার লিগ ক্লাব এই ঘোষণা দিয়েছে।

সম্প্রতি আরেক প্রিমিয়ার লিগ ক্লাব উলভারহ্যাম্পটন ওয়ান্ডার্সের কোচ ছিলেন লোপেতেগি। আগামী ১ জুলাই ডেভিড ময়েসের শূন্যস্থান পূরণ করবেন তিনি।

ওয়েস্ট হ্যাম ৫২ পয়েন্ট নিয়ে তালিকায় নবম স্থানে থেকে এই মৌসুম ষে করেছে। আগামী ইউরোপিয়ান ফুটবল মৌসুমে খেলার যোগ্যতা অর্জন করেনি।

৫৭ বছর বয়সী লোপেতেগি বলেছেন, ‘একজন কোচ হিসেবে আমার লক্ষ্য ছিল সবসময় ভালো থেকে আরও ভালো কিছু করা, আরও বেশি কিছু অর্জন করা এবং লক্ষ্যটা আরও বড় করা। এছাড়া খেলোয়াড় ও দলের উন্নতি করা যেন তারা প্রতিদ্বন্দ্বিতা করতে পারে, কারণ ফুটবল প্রতিদ্বন্দ্বিতার ব্যাপার।’

ওয়েস্ট হ্যামে যোগ দিয়ে রোমাঞ্চিত লোপেতেগি, ‘আমি যেখানে থাকতে চাই সেখানেই এসেছি। আমি এখানে কারণ আমি চেয়েছিলাম এবং আমাদের জন্য চুক্তি করার দিনটা ছিল চমৎকার।’

লোপেতেগি বার্সেলোনা ও রিয়ালের হয়ে খেলেছেন। স্পেনের যুব সেটআপে কোচিং শুরু করার পর স্প্যানিশ দ্বিতীয় স্তরের ক্লাব ভায়েকানো ও পর্তুগিজ ক্লাব পোর্তোতে ছিলেন।

ক্লাব কোচিংয়ে তার সবচেয়ে সফল সময় কেটেছে সেভিয়াতে। তিন বছরের দায়িত্ব পালনকালে ক্লাবটিকে ২০২০ সালে ইউরোপা লিগ জেতান তিনি।