ইউরো চ্যাম্পিয়নশিপে স্পেন ও ক্রোয়েশিয়ার ‘বিগ ম্যাচ’ শুরুর দিকে খুব একটা জমেনি। কোনও দলই সেভাবে আক্রমণে যেতে পারেনি। ম্যাচে প্রাণ ফেরে আধঘণ্টার মাথায়। তিন মিনিটে দুটি গোল করে স্পেন। হাফটাইমের আগেই ক্রোটদের ম্যাচ থেকে ছিটকে দেয় তিনবারের চ্যাম্পিয়নরা। বার্লিনের অলিম্পিক স্টেডিয়ামে ৩-০ গোলে জিতেছে স্পেন।
২৯ মিনিটে ফ্যাবিয়ান রুুইজের পাস ধরে ক্রোট ডিফেন্ডারদের চ্যালেঞ্জ পাশ কাটিয়ে আলভারো মোরাতা বল নিয়ন্ত্রণে নিয়ে বক্সের মধ্যে থেকে বাঁ পায়ের শটে গোল করেন। ২০১৬ ও ২০২০ ইউরোর পর আরেকবার ক্রোয়েশিয়াকে গোল দিলেন স্পেন অধিনায়ক। সুনির্দিষ্ট প্রতিপক্ষের বিপক্ষে তিনটি ইউরোপিয়ান চ্যাম্পিযনশিপে গোল করা প্রথম খেলোয়াড় হলেন মোরাতা।
গোল খেয়েই ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে ক্রোয়েশিয়া। ৩১ মিনিটে মাতেও কোভাচিচ আক্রমণে যান এবং বক্সের বাইরে থেকে নেওয়া তার শট স্পেন গোলকিপার উনাই সিমন সহজে আটকে দেন।
পরের মিনিটে রুইজ পায়ের দারুণ কাজ দেখিয়ে তিন ডিফেন্ডারকে ফাঁকি দিয়ে জাল কাঁপান। ২-০ গোলে এগিয়ে যায স্পেন।
৪২ মিনিটে গোল শোধ করেই ফেলেছিল ক্রোয়েশিয়া। জোসকো জিভারদিওলের শট দূরের পোস্টের সামনে দিয়ে বাইরে চলে যায়, আন্তে বুদিমির বলে পা ছোঁয়াতে পারলে গোল হতে পারতো।
ইনজুরি টাইমের শেষ মুহূর্তে আরেকটি গোল করে স্পেন। ডানদিক থেকে লামিনে ইয়ামালে বল ভাসান গোলপোস্টের সামনে। ক্রোয়েশিয়ার রক্ষণভাগ ফাঁকি দিয়ে বলের গতিপথ বুঝে এগিয়ে যান দানি কারভাহাল। গোলমুখের সামনে থেকে পাঁয়ের আলতো ছোঁয়ায় জালে বল জড়ান চ্যাম্পিয়নস লিগের ফাইনালে বরুসিয়া ডর্টমুন্ডের গোলমুখ খোলা রিয়াল মাদ্রিদ ডিফেন্ডার। স্পেনের জার্সিতে এটি ছিল তার প্রথম গোল।
এদিন ইউরোতে সর্বকনিষ্ঠ খেলোয়াড়ের মর্যাদা অর্জন করা ১৬ বছর বয়সী ইয়ামাল ৫২ মিনিটে ভালো সুযোগ পেয়েছিলেন। বক্সের মধ্যে থেকে তার বাঁ পায়ের শট ক্রোয়েশিয়ান কিপার ডমিনিক লিভাকোভিচ ঠেকিয়ে দেন।
চার মিনিট পর সেকেন্ডের ব্যবধানে ক্রোয়েশিয়ার দুটি সুযোগ নষ্ট হয়। কোভাচিচের কাটব্যাক থেকে জোসিপ স্তানিচিচের শট গোললাইনের সামনে ব্লক করেন মার্ক কুকুরেল্লা। ফিরতি বলে হেড করেছিলেন বুদিমির, এবার লাফিয়ে পাঞ্চ করে বল ফেরান সিমন।
তাতে বড় ব্যবধানে হার দিয়ে ইউরো শুরু করলো ক্রোয়েশিয়া।
‘বি’ গ্রুপের প্রথম ম্যাচে বড় জয়ে শুরু হলো স্পেনের। গ্রুপের অন্য দুই প্রতিপক্ষ ইতালি ও আলবেনিয়া রাতে মুখোমুখি হচ্ছে।