২০১৬ সালের ইউরো চ্যাম্পিয়নরা আজ আবার মাঠে নামছে। চেক প্রজাতন্ত্রের বিপক্ষে স্টপেজ টাইমের গোলে শেষ পর্যন্ত তিন পয়েন্ট নিশ্চিত হয়েছে তাদের। আজ রাত ১০টায় তুরস্কের বিপক্ষে দ্বিতীয় জয় নিশ্চিত হলেই ইউরোর নকআউট নিশ্চিত তাদের।
চেকপ্রজাতন্ত্রের বিপক্ষে শেষ দিকে জয়সূচক গোলটি করেছিলেন ফ্রান্সিসকো কনসেইসাও। ওই ম্যাচে ফরোয়ার্ড ডিয়েগো জোতারও একটি গোল অফসাইডে বাদ পড়ে। লিপজিগে সেদিনে বদলি হয়ে মাঠে নেমেছিলেন। তুরস্ক ম্যাচের আগে তিনি বলেছেন, ‘চেক প্রজাতন্ত্রের চেয়ে তুরস্কের ভালো খেলোয়াড় রয়েছে। ফলে তারা ব্যতিক্রম ম্যাচ উপহার দিতে চাইবে।’
তুরস্ক অবশ্য পর্তুগালকে হারানোর স্বপ্ন দেখছে। কারণ সেটি করতে পারলেই মিলবে শেষ ষোলোর টিকিট। তার ওপর জর্জিয়াকে ৩-১ গোলে হারিয়ে ইউরোপিয়ান টুর্নামেন্টে এবারই প্রথম গ্রুপ পর্বের উদ্বোধনী ম্যাচে জয় পেয়েছে তারা। সর্বশেষ তিন আসরে গ্রুপ পর্বে বিদায় নেওয়ায় এবার তারা সুযোগ হাতছাড়া করতে চায় না। দলটির কোচ ভিনসেনজো মন্তেলা বলেছেন, ‘প্রথমবার জয়ে শুরু করেছি। তার ওপর শেষ তিন ইউরোতে গ্রুপ পর্ব পার করতে পারিনি। গতবার তো পয়েন্টও পাইনি। এবারের লক্ষ্যই ছিল প্রথম ম্যাচ জয়, সেটা পেরেছি। এখন আমাদের স্বপ্ন পরের ম্যাচ জিতে নকআউট নিশ্চিত করা।’
দুই দলের লড়াইয়ে পর্তুগালের পাল্লাই ভারি। ৯ ম্যাচের ৭টিতেই জয় তাদের। তুরস্ক জিতেছে দুটি। দুই দল সর্বশেষ মুখোমুখি হয়েছে ২০২২ সালে। তাতে পর্তুগাল জিতেছে ৩-১ ব্যবধানে। তুরস্ক অবশ্য পর্তুগালকে ২০১২ সালের পর আর হারাতে পারেনি। এবার কি পারবে ভাগ্য বদলাতে?