তুরস্ককে হারিয়ে শেষ ষোলোতে পর্তুগাল

ইউরো চ্যাম্পিয়নশিপের সাবেক চ্যাম্পিয়ন পর্তুগাল গ্রুপের এক ম্যাচ হাতে রেখে শেষ ষোলোর টিকিট কাটলো। শনিবার তারা তুরস্ককে ৩-০ গোলে হারিয়েছে। দুই ম্যাচে দুটি জয়ে ৬ পয়েন্ট নিয়ে তৃতীয় দল হিসেবে নকআউট নিশ্চিত করলো ক্রিস্টিয়ানো রোনালদোর দল।

২১তম মিনিটে রবার্তো মার্তিনেজের দল গোলমুখ খোলে। বাঁ দিক থেকে নুনো মেন্দেসের কাটব্যাক প্রতিপক্ষ খেলোয়াড়ের গায়ে লেগে বার্নার্ডো সিলভার সামনে পড়ে। খালি জালে বল জড়িয়ে দেন তিনি। পর্তুগালের দ্বিতীয় গোল এসেছে তুরস্কের হাস্যকর ভুলে। সামেত আকায়দিন ব্যাক পাস দেন সতীর্থ গোলকিপার আলতায় বায়িন্দির কাছে। তিনি বল ধরার মতো পজিশনে ছিলেন না। তুর্কি খেলোয়াড়রা বল ঠেকানোর জন্য মরিয়া হয়ে আগালেও পারেননি। আত্মগাতী গোলে আবার এগিয়ে যায় পর্তুগিজরা।

পর্তুগালের জয় সুনিশ্চিত হয় ৫৫তম মিনিটে। রুভেন নেভেসের ভাসানো বলে অফসাইডের ফাঁদ বাঁচিয়ে রোনালদো বল পান, তার সামনে ছিল কেবলই গোলকিপার। কিন্তু নিজে শট না নিয়ে ব্রুনো ফের্নান্দেস দিয়ে গোল করান অধিনায়ক। ইউরোতে এটি ছিল রোনালদোর সপ্তম অ্যাসিস্ট, যে কোনও খেলোয়াড়ের এটি রেকর্ড (১৯৬৮ সাল থেকে)।

এই জয়ে জার্মানি ও স্পেনের পর পর্তুগাল শেষ ষোলোর খেলা নিশ্চিত করলো। ‘এফ’ গ্রুপে দুই ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে সবার উপরে তারা। ৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে তুরস্ক। এক পয়েন্ট করে নিয়ে পরের দুটি স্থানে জর্জিয়া ও চেক রিপাবলিক।