দেশমকে রেখে দিচ্ছে ফ্রান্স

দিদিয়ের দেশম কোচ হিসেবে আসার এক যুগ পূর্তির দিনে স্পেনের কাছে হেরে ইউরো চ্যাম্পিয়নশিপ থেকে বিদায় নিতে হলো ফ্রান্সকে। পুরো টুর্নামেন্টে বিবর্ণ ছিলেন কিলিয়ান এমবাপ্পে ও তার সতীর্থরা। সেমিফাইনালে ২-১ গোলে হারের পর ধারণা করা হচ্ছিল, দেশম চাকরি হারাচ্ছেন। কিন্তু দেশের ফুটবল ফেডারেশনের প্রধান তার প্রশংসা করে বললেন, ইউরোতে সম্ভাব্য সেরা উপায়ে দলকে এগিয়ে নিয়েছেন কোচ।

বুধবার ফরাসি দৈনিক লে’কিপ-কে দেওয়া সাক্ষাৎকারে ফিলিপ্পে দিয়াল্লো বলেছেন, টুর্নামেন্টের আগে সেমিফাইনালে পৌঁছানোর লক্ষ্য করেছিল ফ্রান্স। তাই কোচ হিসেবে দেশমই চালিয়ে যাবেন।

২০১২ সালে ইউরো শেষে দায়িত্ব নেন দেশম। পরের ইউরোতে দলকে ফাইনালে তোলেন, কিন্তু পর্তুগালের কাছে হেরে যায়। তার পরে ২০১৮ সালে ফ্রান্সকে বিশ্বকাপ এনে দেন। কোচ ও খেলোয়াড় হিসেবে বিশ্বকাপ জয়ের কীর্তি গড়েন তিনি। এরপর ২০২২ সালের বিশ্বকাপের ফাইনালে খেলে দেশমের ফ্রান্স, হেরে যায় আর্জেন্টিনার কাছে। তার সঙ্গে ফ্রান্সের বর্তমান চুক্তি হয়েছে ২০২৬ সাল পর্যন্ত। দিয়াল্লো বলেছেন, ‘তার চুক্তি নিয়ে প্রশ্ন তোলার কোনও কারণ নেই। আগের ফলগুলো তার পক্ষে কথা বলে এবং উদ্দেশ্য পূরণ হয়েচে। দিদিয়ের তার মিশন চালিয়ে যাবেন। সেমিফাইনালে ওঠার উদ্দেশ্য পূরণ হয়েছে।’