ইউরোর দ্বিতীয় সেমিফাইনালে শুরুতে এগিয়ে গিয়েছিল নেদারল্যান্ডস। পরে বিতর্কিত এক পেনাল্টিতে সমতা ফেরায় ইংল্যান্ড। ম্যাচটা তার পর অতিরিক্ত সময়ের দিকেই যাচ্ছিল। তার আগেই যোগ হওয়া সময়ের গোলে ইংল্যান্ড ২-১ ব্যবধানে জিতে ফাইনাল নিশ্চিত করেছে। তার পরেও ম্যাচ ছাপিয়ে আলোচনায় ভিএআরে পাওয়া ইংল্যান্ডের পেনাল্টি। নেদারল্যান্ডস কোচ রোনাল্ড কোম্যান ভিএআর নিয়ে নিজের ক্ষোভের কথা জানিয়েছেন। তিনি মনে করছেন, ভিএআর ফুটবল ধ্বংস করছে!
ঘটানাটা ১৮ মিনিটের। কেইন ডাচদের বক্সের মধ্যে ডুমফ্রাইসের ফাউলের শিকার হলে ভিএআর চেক করে পেনাল্টি দেন রেফারি ফেলিক্স জোয়ায়ের। দেখে মনে হয়েছে, শরীরের স্পর্শের ঘটনাটা ছিল পুরোপুরি নির্দোষ প্রকৃতির। কিন্তু জার্মান রেফারি ভিএআর দেখে স্পট কিকের সিদ্ধান্তে অটল থাকেন।
পেনাল্টির সেই সিদ্ধান্ত নিয়ে কোম্যান পরে বলেছেন, ‘ডিফেন্ডার হিসেবে তাহলে কী করার আছে? আমার মতে এটা মোটেও পেনাল্টি ছিল না। আমরা ঠিকমতো ফুটবল খেলতে পারি না। কারণ ভিএআর। এটা ফুটবলকে ধ্বংস করছে।’
তার পর দলের পারফরম্যান্সে হতাশা প্রকাশ করেছেন কোম্যান। তার প্রতিক্রিয়া, ‘শেষ পর্যন্ত যে ফলটা হয়েছে তাতে আমি ভীষণ হতাশ। কারণ শুরুটা আমাদের জন্য খুব ভালো ছিল। ফলে এমন বিদায় মেনে নেওয়া কঠিন।’