ইউরোর ফাইনাল 

বার্লিনে আজ ইংল্যান্ড-স্পেন মহারণ

অনেক দিন ধরে শিরোপা বুভুক্ষু ইংল্যান্ড। সাম্প্রতিক সময়ে বড় টুর্নামেন্টের কাছে গিয়েও হতাশাই হয়েছে সঙ্গী। সর্বশেষ ইউরোর কথাই ধরুন। ওয়েম্বলিতে ইতালির কাছে ফাইনালে টাইব্রেকারে হেরে ইউরোয় প্রথম শিরোপা জয়ের অপেক্ষা আরও দীর্ঘ হয়েছে। এবার তো বিদেশের মাটিতে প্রথম কোনও ফাইনালে থ্রি লায়ন্সরা। ইংল্যান্ড কি পারবে ৫৮ বছর পর কোনও শিরোপা ঘরে তুলতে? চ্যালেঞ্জটা যদিও সহজ হচ্ছে না। ফাইনালের শিরোপা মঞ্চে তাদের প্রতিপক্ষ আসরের সবচেয়ে ছন্দে থাকা স্পেন। যাদের চোখ টুর্নামেন্টের চতুর্থ শিরোপায়। বার্লিনে ম্যাচটা শুরু হবে আজ রাত ১টায়। 

সর্বশেষ ১৯৬৬ বিশ্বকাপই একমাত্র শিরোপা ঘরে তোলা শিরোপা ইংল্যান্ডের। তার পর শুধু হাহাকার। বিদেশের মাটিতে এবার জিততে পারলে নতুন ইতিহাস রচনা করবে। ইংল্যান্ডের কোচ গ্যারেথ সাউথ গেটও চান ৫৮ বছরের সেই আক্ষেপের অবসান হতে। সেই স্বপ্ন বাস্তবায়নে পারফরম্যান্সের বিকল্প দেখেন না তিনি, ‘আমি রূপকথায় বিশ্বাস করি না। কিন্তু স্বপ্নে বিশ্বাস করি। অবশ্যই আমাদের বড় স্বপ্ন আছে। কিন্তু সেটার বাস্তবায়ন করতে হলে লড়াই প্রয়োজন। এটা সম্ভব হলে অসাধারণ একটা গল্প হবে। কিন্তু সেটার জন্য পারফরম্যান্স প্রয়োজন।’

সাউথগেটের অধীনে ইউরোর সর্বশেষ আসরের ফাইনাল খেলার পাশাপাশি ২০১৮ বিশ্বকাপের সেমিতে খেলেছে ইংল্যান্ড। সর্বশেষ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালেও খেলেছে। নিজের অধীনে দলের উন্নতিতে খুব গর্বিত সাউথগেট। তাই বার বার স্বপ্ন ভঙ্গ হওয়ায় আজকের ফাইনাল নিয়েও খুব বেশি ভয় কাজ করছে না তার, ‘এই ম্যাচে কী হবে সেটা নিয়ে ভাবছি না। কারণ এসবের মধ্য দিয়ে আগেও গিয়েছি। আমিও চাই খেলোয়াড়রা সেই ভয়ডরহীন বোধটা অনুভব করুক। আমরা হারতে ভয় পাই না। আর এটাই জয়ের সেরা সুযোগ করে দিচ্ছে আমাদের।’

অপর দিকে ইতিহাস গড়তে মুখিয়ে স্পেনও। ১২ বছর পর টুর্নামেন্টের শিরোপা জয়ের সুবর্ণ সুযোগ হাতছাড়া করতে চাইছে না কোনওভাবেই। স্পেন কোচ দে লা ফুয়েন্তে ম্যাচের আগে বলেছেন, ‘আমরা ইতিহাসের সূচনা করতে চাই। ফাইনালে আসার পথে আমরা সেই ইতিহাস এরই মধ্যে গড়েছি। আমি সম্ভাবনাময় ভবিষ্যতে বিশ্বাসী। কিন্তু তাদের বর্তমান ও ভবিষ্যৎ দুটোই দেখা যাচ্ছে।’

এক নজরে: 

**দুই দল একে অপরের বিপক্ষে ২৭ ম্যাচ খেলেছে। তাতে ইংল্যান্ডের জয়ের পাল্লাই ভারি। থ্রি লায়ন্সদের জয় ১৪টি। আর স্পেনের জয় ১০টিতে। ড্র হয়েছে ৩টি।  

** জার্মানির মতো সর্বোচ্চ তিনবার ইউরো জয়ী দল স্পেন। ইংল্যান্ড এখনও মহাদেশীয় শ্রেষ্ঠত্বের আসরে শিরোপা জিততে পারেনি। 

** ইংল্যান্ড টানা দ্বিতীয়বার ইউরোর ফাইনালে খেলছে। গত আসরে সেমিফাইনাল খেলা স্পেন অবশ্য সর্বশেষ শিরোপা জিতেছে ২০১২ সালে।