ড্রোন দিয়ে গুপ্তচরবৃত্তির ঘটনায় ক্ষমা চাইলেন কানাডার কোচ

অলিম্পিকে ড্রোন দিয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে তোপের মুখে কানাডার নারী ফুটবল দল। পরে জানা গেছে, দলটির কোচ বেভ প্রিয়েস্টম্যান বিষয়টি সম্পর্কে পুরোপুরি অবগত ছিলেন। অলিম্পিকে চলমান এই বিতর্কে কানাডার ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ায় ক্ষমা চেয়েছেন তিনি। আরও জানিয়েছেন, চলমান ঘটনার তদন্তে পুরোপুরি সহযোগিতার কথা। 

আইনজীবীর মাধ্যমে প্রকাশ করা এক চিঠিতে প্রিয়েস্টম্যান বলেছেন, শিষ্যদের জন্য ভীষণ খারাপ লাগছে তার। চিঠিটি প্রকাশ করা হয় ফ্রান্সের মুখোমুখি হওয়ার আগে। ওই ম্যাচটা ২-১ গোলে জিতে আশা এখনও বাঁচিয়ে রেখেছে অলিম্পিকের বর্তমান চ্যাম্পিয়নরা।

ড্রোন দিয়ে গুপ্তচরবৃত্তির ঘটনায় ফিফা কর্তৃক ৬ পয়েন্ট কাটা গেছে দলটির। কোচ প্রিয়েস্টম্যানও এক বছরের জন্য নিষিদ্ধ হয়েছেন।

গুপ্তচরবৃত্তির ঘটনাটা গত সপ্তাহের। কানাডার নারী ফুটবল দলের একজন অ্যানালিস্ট সেঁত এতিয়েনে নিউজিল্যান্ডের ট্রেনিং সেশন ড্রোন দিয়ে গোপনে পর্যবেক্ষণ করছিলেন।

কানাডা ফুটবলের সেই স্টাফের নাম জোয়ে লোমবার্ডি। এই ঘটনায় তাকে আট মাসের স্থগিত কারাদণ্ডাদেশের শাস্তিও দিয়েছে ফরাসি কর্তৃপক্ষ। ফিফার নিষেধাজ্ঞার রায়ের আগে কানাডার ফুটবল কোচ  প্রিয়েস্টম্যানকে নিষিদ্ধ করেছে। 

এই ঘটনার পর প্রিয়েস্টম্যান নিজের আত্মপক্ষ সমর্থনে চিঠিতে বলেছেন, ‘মেয়েদের জন্য আমার হৃদয়ে ক্ষরণ হচ্ছে। এই ঘটনায় যে পরিস্থিতির মধ্যে দিয়ে তাদের যেতে হচ্ছে, তার জন্য হৃদয়ের অন্তস্থল থেকে আমি ক্ষমাপ্রার্থী।’

ফিফা ৬ পয়েন্ট কেটে নেওয়ায় গ্রুপ পর্বে দুটি ম্যাচ খেললেও কানাডার পয়েন্ট এখন শূন্য। অথচ দুটি ম্যাচেই জিতেছে তারা। নিউজিল্যান্ডকে প্রথম ম্যাচে ২-১ গোলে হারিয়েছে। সর্বশেষ জিতেছে ফ্রান্সের বিপক্ষে। তার পরেও কোয়ার্টার ফাইনালে যাওয়ার সুযোগ শেষ হয়ে যাচ্ছে না।