ফ্রান্সে মেসি থাকলে হয়তো আর্জেন্টিনা...

বড় স্বপ্ন নিয়ে ফ্রান্সে পা রেখেছিল আর্জেন্টিনা ফুটবল দল। কোচ হয়ে হাভিয়ার মাসচেরানো নিজেও ছিলেন অনেক আশাবাদী। তবে স্বপ্ন দেখলে তো হবে না, মাঠে নিজেদের পারফরম্যান্স করে দেখাতে হবে। সেই আসল কাজটি করে দেখাতে পারেনি আলবিসেলেস্তারা। তাও আবার সেমিফাইনালে ওঠার লড়াইয়ে হেরেছে স্বাগতিক ফ্রান্সের কাছে। এমন হারের পর ৪০ বছর বয়সী মাসচেরানো নিশ্চয়ই লিওনেল মেসির কথা নতুন করে ভাবছেন। প্যারিস অলিম্পিকে মেসি থাকলে হয়তো এভাবে বিদায় নিতে হতো না দুই বারের স্বর্ণজয়ীদের।

২০০৪ ও ২০০৮ এ আর্জেন্টিনা অলিম্পিক গেমস ফুটবলে সোনার পদক জিতেছিল। সেই দুইবার খেলোয়াড় ছিলেন মাসচেরানো। এবার কোচ হয়ে জিততে চেয়েছিলেন। কিন্তু ভাগ্য সহায় হলো না। কোয়ার্টার ফাইনালে বিদায় ঘণ্টা বেজে উঠলো।

অলিম্পিক শুরুর আগে সিনিয়র কোটায় মেসিকে খেলানোর কম চেষ্টা করেননি মাসচেরানো। এমনও শোনা গিয়েছিল কোপা আমেরিকার পর অলিম্পিক গেমসে দেখা যাবে কিংবদন্তিতুল্য ফুটবলারকে। বয়স ও চোটের কথা চিন্তা করে মেসি ফ্রান্সে আসেননি। আবার আগাম শুভকামনা জানাতেও ভুল করেননি।

তখন কি চিন্তা করেছিলেন, দল শেষ আট থেকে বিদায় নেবে। সোনার পদকের মিশনে এসে স্বপ্নভঙ্গ হবে। মাসচেরানোর স্বপ্ন পূরণ হবে না!

দুইবার খেলোয়াড় হয়ে জিতেছেন। ২০০৮ বেইজিং অলিম্পিকে তো ছিলেন মেসিও। আর এবার কিনা দলকে শূন্য হাতে বিদায় নিতে হলো।

এমন নয় যে, ফ্রান্সের বিপক্ষে খারাপ খেলেছে আর্জেন্টিনা। আক্রমণে এগিয়ে থেকেও গোল পাওয়া হয়নি। স্বাগতিকরা সুযোগের সৎ ব্যবহার করে ম্যাচ জিতেছে।

মাসচেরানো-মেসির তাই দুঃখ কম নয়। এমনিতে আর্জেন্টিনা উড়ছিল। টানা চারটি টুর্নামেন্ট জিতেছে। অলিম্পিক জিতলে অনন্য উচ্চতায় পাড়ি দেওয়া যেতো। কিন্তু তা হলো কোথায়! আলভারেজরা খেলেও দলকে বেশিদূর এগিয়ে নিতে পারেননি। অনেক আশা-ভরসা দেখিয়ে ফাইনাল নয়, তার আগেই বিদায়। এখন মাসচেরানোকে অপেক্ষা করতে হবে ২০২৮ অলিম্পিকের জন্য, তখন কী হয়!  যদিও তখন মেসিও থাকবেন না। নতুন করে সবকিছু চিন্তা করে এগিয়ে যেতে হবে।

আর্জেন্টিনার বিদায়ের পর প্যারিসের ফ্যান জোনে সেই নিকোর কথা মনে পড়ছে। স্পেনের মালাগা থেকে এসে দলের খেলা শতভাগ উপভোগ করতে পারেননি। টানা চারটি সাফল্যের পর অলিম্পিকে এমন বিদায়। নিশ্চয়ই ব্যথিত অন্যদের সঙ্গে।

মাসচেরানো-মেসিদের তাই নতুন করে স্বপ্নের ভেলায় ভাসতে হবে। যদিও এর আগেই বিশ্বকাপসহ কোপা আমেরিকা রয়েছে। রয়েছে অন্য টুর্নামেন্টেও। তাই এখন সময়ের অপেক্ষা।