২২ বছর পর ইংলিশ প্রিমিয়ার লিগে খেলতে নেমে ইপসউইচ টাউন প্রথম ম্যাচেই লিভারপুলকে চেপে ধরেছিল। কিন্তু পোর্টম্যান রোডে ঘরের মাঠে প্রতিরোধ ধরে রাখতে পারেনি তারা। ৫ মিনিটের ব্যবধানে দুটি গোল করে লিভারপুল নতুন মৌসুম শুরু করলো ২-০ গোলের দারুণ জয়ে।
লিভারপুলের তারকা খেলোয়াড় মোহাম্মদ সালাহ দারুণ নৈপুণ্য দেখালেন। ডিওগো জোতাকে দিয়ে প্রথম গোল বানিয়ে দেন। পরে মিশরীয় ফরোয়ার্ড নিজেও জাল কাঁপান।
লক্ষ্যে প্রথম শট নিয়েছিল ইপসউইচ। দ্বিতীয় মিনিটে লিভারপুলের এক খেলোয়াড়ের ভুল ক্লিয়া্রেন্সে বল পেয়ে হাচিনসন বক্সে ঢুকে যান। তার ডানপায়ের শট প্রতিহত হয় কুয়ানসাহর আপ্রাণ চেষ্টায়।
১৫ মিনিটে সালাহর কাছ থেকে বল চেয়েছিলেন জোতা। মিশরীয় ফরোয়ার্ড সামনে বল ভাসান, কিন্তু বল পায়ে নিয়ন্ত্রণে নিতে পারেননি জোতা। পাঁচ মিনিট পর ইপসউইচ ফ্রি কিক পায়। মরসির ভাসানো বল হেড করে লক্ষ্যে রাখতে পেরেছিলেন গ্রিভস, লিভারপুল কিপার আলিসন বেকার সহজেই তা লুফে নেন।
প্রথমার্ধে কোনও দল আর সেভাবে আক্রমণে যেতে পারেনি। বিরতির পর ৫৪ মিনিটে ইপসউইচ গোলকিপার ক্রিস্টিয়ান ওয়ালটনের বিরুদ্ধে ফাউলের অভিযোগে পেনাল্টির আবেদন করে লিভারপুল। তা ফিরিয়ে দেন রেফারি টিম রবিনসন।
৫৯ মিনিটে ট্রেন্ট আলেক্সান্ডার-আর্নল্ডের নিখুঁত ক্রসে জোতার হেড কাছের পোস্টের বাইরে দিয়ে বেরিয়ে যায়। পরের মিনিটে মাঝমাঠের একটু সামনে থেকে আর্নল্ডের ডিফেন্স চেড়া পাসে বল পান সালাহ। এই তারকা বক্সে ঢুকে সেন্টারে বল বাড়ান। জাল কাঁপাতে জোতার কষ্ট হয়নি। লিড আরও বড় করে লিভারপুল পাঁচ মিনিটের মধ্যে। ৬৫ মিনিটে সতীর্থের ভাসানো ক্রসে বল নিয়ে বক্সে ঢুকে পাস বিনিময়ের পর বাঁ পায়ে গোলকিপারকে পরাস্ত করেন সালাহ।
বাকি সময়ে ব্যবধান ধরে রেখে তিন পয়েন্ট নিশ্চিত করেছে লিভারপুল। নতুন কোচ আর্নে স্লটের এই অধ্যায় শুরু হলো বিজয়ের হাসিতে।