দিয়াজের জোড়া গোলে ম্যানইউকে হারালো লিভারপুল

রুবেন দিয়াজ করলেন দুই গোল, একটি মোহাম্মদ সালাহ। ওল্ড ট্র্যাফোর্ডে ম্যানচেস্টার ইউনাইটেডকে ৩-০ গোলে হারালো লিভারপুল। 

রবিবার প্রিমিয়ার লিগে টানা তৃতীয় জয় পেলো অলরেডরা। তাতে তিন ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা ম্যানচেস্টার সিটিকে ছুঁয়ে আন্তর্জাতিক বিরতিতে গেলো তারা।

লিভারপুল শুরু থেকে ম্যানইউর ওপর দাপট দেখায়। প্রথমার্ধে ম্যানচেস্টার ক্লাব প্রতিপক্ষের গতির সঙ্গে পেরে ওঠেনি। অতিথিরা ৩৫তম মিনিটে লিড নেয়। ইউনাইটেড মিডফিল্ডার কাসেমিরো বলের দখল হারালে সালাহর পাসে ব্যাকপোস্ট থেকে দিয়াজ হেড করে জাল কাঁপান।

কাসেমিরো আবারও ভুল করে বসেন। এবারও দিয়াজ সেই সুযোগ নিয়ে লিভারপুলের ব্যবধান বাড়াতে অবদান রাখেন। ম্যানেইউর ডিফেন্সিভ মিডফিল্ডার বলের দখল হারান, আবারও সালাহর বাড়িয়ে দেওয়া বলে কলম্বিয়ান তারকা বিরতির তিন মিনিট আগে জালে বল জড়ান।

দ্বিতীয়ার্ধে ম্যানইউর ঘুরে দাঁড়ানোর আশা মাটি করে দেন সালাহ। বিরতির পর ১১তম মিনিটে তৃতীয় গোল করেন মিশরীয় ফরোয়ার্ড। তাতে নতুন কোচ আর্নে স্লট প্রথম তিন ম্যাচেই শতভাগ সাফল্য পেলেন।

১৯৭৫ সালে নভেম্বরে বব পেইসলির পর প্রথম লিভারপুল কোচ হিসেবে ম্যানইউর সঙ্গে প্রথম দেখাতেই জিতলেন তিনি। আর ১৯৩৬ সালের নভেম্বরে জর্জ কের পর প্রথম লিভারপুল কোচ হিসেবে ওল্ড ট্র্যাফোর্ডে প্রথমবারেই জয় পেলেন স্লট।