দিয়াজের জোড়া গোলে জয়ে ফিরে শীর্ষে লিভারপুল

নটিংহ্যাম ফরেস্টের কাছে অপ্রত্যাশিত হারের পর ইংলিশ প্রিমিয়ার লিগে জয়ে ফিরলো লিভারপুল। লুইস দিয়াজের জোড়া গোলে বোর্নমাউথকে হারালো তারা। শনিবার অ্যানফিল্ডে ৩-০ গোলে জিতে শীর্ষে উঠে গেলো আর্নে স্লটের দল।

গত সপ্তাহে নটিংহ্যামের কাছে ১-০ গোলে হেরেছিল লিভারপুল। বোর্নমাউথও শুরুতে তাদের জাল কাঁপায়। আতোঁয়া সেমেনিয়ো গোল করেছিলেন। কিন্তু ভিএআর বাঁচিয়ে দেয় অলরেডদের। অফসাইডে গোলটি বাতিল হয়।

পরে গোলমুখ খুলতে একের পর এক আক্রমণ করতে থাকে লিভারপুল। দিয়াজকে দুইবার রুখে দেন কিপার। ডারউইন নুনেজ ও মোহাম্মদ সালাহও ব্যর্থ হন বোর্নমাউথের কিপারের প্রতিরোধে।

অবশেষে লিভারপুল তিন মিনিটের মধ্যে দুই গোল করে, দুটিই দিয়াজের। ২৬ মিনিটে ইব্রাহিমা কোনাতের বানিয়ে দেওয়া বলে জাল কাঁপান তিনি। দুই মিনিট পর ট্রেন্ট আলেক্সান্ডার আর্নল্ডের অ্যাসিস্টে স্কোর ২-০ করেন দিয়াজ।

বিরতিতে যাওয়ার আগে ম্যাচ পুরোপুরি নিয়ন্ত্রণে নেয় লিভারপুল। ৩৭ মিনিটে নুনেজকে গোল বানিয়ে দেন সালাহ। মিশরীয় ফরোয়ার্ড তিন মিনিট পর বোর্নমাউথ কিপারের বাধায় ৪-০ করতে পারেননি।

দ্বিতীয়ার্ধে একই ব্যবধান ধরে রেখে ম্যাচ জেতে লিভারপুল। চতুর্থ জয়ে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে তারা। এক ম্যাচ কম খেলে সমান পয়েন্ট পেলেও গোলব্যবধানে পিছিয়ে থেকে দ্বিতীয় স্থানে ম্যানসিটি।