ম্যানসিটির টানা দুটি ড্রয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের শীর্ষ দল হওয়ার সুযোগ হাতছাড়া করেনি লিভারপুল। উলভসের মাঠে তারা ২-১ গোলে জিতেছে। তাতে আর্সেনাল ও ম্যানসিটিকে টপকে টেবিলের এক নম্বর দল এখন তারা।
আর্নে স্লটের দল ছয় ম্যাচ শেষে ১৫ পয়েন্ট পেয়েছে। ম্যানসিটি ও আর্সেনালের চেয়ে একটি পয়েন্ট বেশি তাদের। আর একমাত্র পয়েন্ট নিয়ে উলভস ২০তম।
ইব্রাহিম কোনাতে প্রথমার্ধের ইনজুরি টাইমে গোল করেন। ডিওগো জোতা তার মার্কারকে কাটিয়ে বাঁ দিক থেকে চমৎকার ক্রস দেন। ২৫ বছর বয়সী সেন্টার ব্যাক লাফিয়ে হেড করে জাল কাঁপান।
লিভারপুলকে লিড এনে দেওয়া কোনাতের ভুলের কারণে ৫৬তম মিনিটে সমতা ফেরায় উলভস। গোলকিপারের সঙ্গে ভুল বোঝাবুঝির খেসারত দিতে হয় দলকে। জোর্গেন স্ত্রান্দেকে বলের থেকে সরিয়ে রেখে গোলকিকের জন্য গোলকিপারের এগিয়ে আসার অপেক্ষায় ছিলেন কোনাতে। কিন্তু স্ত্রান্দে বল কেড়ে নেন, তার ছোট পাস থেকে রায়ান আইত-নৌরি জাল খুঁজে পান।
পাঁচ মিনিট পর মলিনক্সের উদযাপনে মাতা দর্শকদের নিস্তব্ধ করে দেন মোহাম্মদ সালাহ। জোতাকে নেলসন সেমেদো ফাউল করলে পেনাল্টি পায় লিভারপুল। মিশরীয় ফরোয়ার্ড পেনাল্টি থেকে জাল কাঁপাতে ভুল করেননি।