জোতার গোলে শীর্ষে লিভারপুলের শক্ত অবস্থান

প্রথম মিনিটেই ক্রিস্টাল প্যালেস জাল কাঁপিয়ে ভয় ধরিয়ে দিয়েছিল লিভারপুলকে। অফসাইডে গোলটি বাতিল হওয়ায় স্বস্তি মিলেছিল। তারপর শুরুতে লিড নেয় অলরেডরা, সেটা ধরে রেখে জয়ও পেয়ে গেছে তারা। ডিওগো জোতার একমাত্র গোলে সেলহার্স্ট পার্কে দারুণ জয়ে শীর্ষস্থান আরও সুসংহত করলো লিভারপুল।

১-০ গোলের জয়ে ম্যানসিটিকে চার পয়েন্টে পেছনে ফেলেছে আর্নে স্লটের শিষ্যরা। আন্তর্জাতিক বিরতির আগে সিটিজেনদের কাছে শীর্ষস্থান হারানোর কোনও শঙ্কা নেই।

৭ ম্যাচে ১৮ পয়েন্ট লিভারপুলের। এক ম্যাচ কম খেলা ম্যানসিটি ১৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে। ব্যবধান কমাতে রবিবারই তারা ফুলহ্যামকে স্বাগত জানাচ্ছে।

প্যালেস মাত্র ৩০ সেকেন্ডের মধ্যে লিভাপুলের জালে বল জড়ায়। ইসমাইলা সারের বাড়ানো বলে এডি এনকেতিয়াহ গোলমুখ খুলেছিলেন। কিন্তু অফসাইডে ছিলেন তিনি।

নবম মিনিটে লিভারপুল লিড নেয়। কডি গাকপোর বাড়ানো বলে জোতা গোলপোস্টের বেশ কাছ থেকে জাল খুঁজে পান।

দুই অর্ধেই পর্তুগিজ ফরোয়ার্ড আরও দুটি সুযোগ পেয়েছিলেন। কিন্তু ম্যাচ নিয়ন্ত্রণে নেওয়ার মতো কিছু করতে পারেননি জোতা।

৭৯ মিনিটে গোলকিপার আলিসন খুঁড়িয়ে খুঁড়িয়ে মাঠ ছাড়লে আরও আশঙ্কার মুখে পড়ে লিভারপুল। শেষ পর্যন্ত তার বদলি নামা ভিতেস্লাভ জারোস তার অভিষেক রাঙান দারুণ দুটি সেভে।