বাফুফের পক্ষ থেকে আকর্ষণীয় বোনাসের আশ্বাস

টানা দ্বিতীয় সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জয় করে দেশে ফিরেছে বাংলাদেশ দল। বাফুফে ভবনে এসে ক্রীড়া মন্ত্রণালয় থেকে ১ কোটি টাকা পুরস্কারের ঘোষণা দিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের  সিনিয়র সহ সভাপতি ইমরুল হাসানও নারী দলের জন্য আকর্ষণীয় পুরস্কারের ঘোষণা দিয়েছেন।

নারী ফুটবল দল বিমান বন্দর থেকে ছাদখোলা বাসে শহর প্রদক্ষিনের পর বাফুফে ভবনে আসে। অন্যদের সঙ্গে বাফুফে ভবনে আসেন সিনিয়র সহ সভাপতি ইমরুল হাসান।

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে নারী ফুটবলারদের জন্য কোনও আর্থিক পুরস্কারের ঘোষণা আসবে কিনা? এমন প্রশ্নের জবাবে ইমরুল হাসান বলেছেন, ‘আজ ক্রীড়া উপদেষ্টা তাদের পক্ষ থেকে একটি ঘোষণা দিয়েছেন। আমারও আমাদের পক্ষ থেকে নারী ফুটবল দলকে পুরস্কৃত করবো। পুরস্কারের অংকটা এখনই আমি বলতে চাচ্ছি না। তবে এটা বলতে পারি আমরা আকর্ষণীয় পুরস্কারের ঘোষণাই দিবো। মেয়েরা হতাশ হবে না।’

এরপরই যোগ করেন এভাবে, 'মাত্রই নতুন কমিটি দায়িত্বে এসেছে। আগামী ৯ তারিখ আমাদের নির্বাহী কমিটির প্রথম সভা রয়েছে। সভা শেষে আমরা চূড়ান্ত সিদ্ধান্ত নিবো। তখনই ঘোষণা দেয়া হবে।’

বিভিন্ন অভিযোগ প্রসঙ্গে বাফুফের সিনিয়র সহ সভাপতি বলেছেন, ‘নারী লিগ নিয়মিতই আয়োজিত হচ্ছে। এই লিগ যেন আরও ভালোভাবে আয়োজিত হয় আমরা সেই বিষয়ে আলোচনা করবো। এছাড়া বেতন ভাতা বকেয়া থাকলে আমরা দ্রুতই সেই সমস্যার সমাধানের চেষ্টা করবো। বেতন বকেয়া থাকবে এটা কারোই কাম্য নয়।’