আমোরিম অধ্যায় শুরুর আগে ম্যানইউর দুর্দান্ত জয়

এরিক টেন হ্যাগ বরখাস্ত হওয়ার পর রুড ফন নিস্টেলরয় ম্যানচেস্টার ইউনাইটেডের অন্তর্বর্তীকালীন দায়িত্ব নেন। ধুঁকতে থাকা দলকে পথে ফিরিয়েছেন তিনি। তার শেষটাও হলো দারুণ জয় দিয়ে। রবিবার ওল্ড ট্র্যাফোর্ডে ইংলিশ প্রিমিয়ার লিগে দুই ম্যাচ পর জিতেছে ম্যানচেস্টার ক্লাব। রুবেন আমোরিম অধ্যায় শুরুর আগে লিস্টার সিটিকে ৩-০ গোলে হারালো তারা।

দায়িত্ব নেওয়ার পর লিস্টারের বিপক্ষে প্রথমবার ম্যানইউর ডাগআউটে দাঁড়ান নিস্টেলরয়। ওই ম্যাচে ৫-২ গোলে জিতে লিগ কাপের কোয়ার্টার ফাইনালে ওঠে দল। সেই লিস্টারকে হারিয়ে তার বিদায় রাঙালো রেড ডেভিলরা। গত ২৮ অক্টোবর টেন হ্যাগ বরখাস্ত হওয়ার পর নিস্টেলরয়ের অধীনে চার ম্যাচে একটি ড্র ও তিনটি জয় এসেছে।

১১ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে ১৩তম স্থানে ম্যানইউ। সেরা পাঁচ থেকে তিন পয়েন্ট পেছনে তারা। আট পয়েন্ট নিয়ে লেস্টার ১৭তম।

টেন হ্যাগের অধীনে ১৭ ম্যাচ গোলখরায় ভোগা ব্রুনো ফের্নান্দেস ইউনাইটেডের জার্সিতে ২৫০তম ম্যাচ খেলতে নেমে ১৭তম মিনিটে গোল করেন। আমাদ দিয়ালোর ব্যাকহিল পাস থেকে নিচু জোরালো শটে জাল কাঁপান তিনি। নিস্টেলরয়ের কোচিংয়ে চার ম্যাচে এটি অধিনায়কের চতুর্থ গোল।

লিস্টার ডিফেন্ডার ভিক্টর ক্রিস্টিয়ানসেন ৩৮তম মিনিটে আত্মঘাতী গোল করে বসেন। নৌসাইর মাজরোইর ক্রসে ফের্নান্দেস হেড করতে না পারলেও বল ক্রিস্টিয়ানসেনের ঊরুতে লেগে জালে জড়ায়।

বদলি নামা আলেহান্দ্রো গারনাচো ৮২তম মিনিটে ম্যানইউর তৃতীয় গোল করেন। ফের্নান্দেস বাঁ দিকে তাকে খুঁজে পান। বাঁকানো শটে আর্জেন্টাইন ফরোয়ার্ড লক্ষ্যভেদ করেন।