জিততে যেন ভুলেই গিয়েছিল আর্সেনাল। সব প্রতিযোগিতা মিলিয়ে তারা আগের তিন ম্যাচে টানা দুটি হারের পর ড্র করেছিল। শেষবার তারা জিতেছিল লিগ কাপে প্রেস্টনের বিপক্ষে। আর ইংলিশ প্রিমিয়ার লিগে তাদের সবশেষ জয় ছিল দেড় মাসেরও আগে। অবশেষে স্বস্তি ফিরলো গানারদের ক্যাম্পে। চলতি লিগের শীর্ষ দল লিভারপুলকে একমাত্র হারের স্বাদ দেওয়া নটিংহ্যাম ফরেস্টকে ৩-০ গোলে হারালো আর্সেনাল। ইংল্যান্ডের শীর্ষস্তরের ঘরোয়া ফুটবলে চার ম্যাচ পর জিতলো তারা।
ইংল্যান্ড ফরোয়ার্ড বুকায়ো সাকা ১৫ মিনিট পর গোলমুখ খোলেন। মার্টিন ওডেগার্ডের অ্যাসিস্টে আর্সেনালকে লিড এনে দেন তিনি। ফরেস্ট কিপার ম্যাটজ সেলস কয়েকটি দারুণ সেভ না করলে হাফটাইমের আগে আরও ব্যবধান বাড়াতে পারতো স্বাগতিকরা।
আর্সেনালের সমান পয়েন্ট নিয়ে ফরেস্ট ম্যাচ শুরু করেছিল। কিন্তু তাদের আশা উধাও হয়ে যায় বদলি নামা থমাস পার্টির গোলে। ৫২তম মিনিটে বাঁকানো শটে ব্যবধান দ্বিগুণ করেন তিনি। বদলি নেমে ইথান নোয়ানেরি তৃতীয় গোল যোগ করেন।
এই জয়ে ১২ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে চারে উঠে গেলো আর্সেনাল। শীর্ষে থেকে রবিবার সাউদাম্পটনের মুখোমুখি হতে যাওয়া লিভারপুলের চেয়ে ৬ পয়েন্ট পেছনে তারা। ফরেস্ট নেমেছে ষষ্ঠ স্থানে।