কাবরেরা-বাটলারকে নিয়ে ৭ দিনের মধ্যে সিদ্ধান্ত 

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নতুন কমিটি দ্বিতীয়বারের মতো ম্যারাথন সভা করেছে। অনেক এজেন্ডার মিটিংয়ে বেশ কিছু সিদ্ধান্ত হয়েছে। তবে জাতীয় দলের দুই বিদেশি কোচের বিষয়ে আগামী ৭ দিনের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে বলে বুধবার সভা শেষে জানা গেছে। 

বাফুফে ভবনে সভা শেষে মিডিয়া কমিটির চেয়ারম্যান আমিরুল ইসলাম বাবু সংবাদ মাধ্যমকে বলেছেন, ‘হাভিয়ার কাবরেরা ও পিটার বাটলারের চুক্তির মেয়াদ বাড়ানো নিয়ে জাতীয় দল ম্যানেজমেন্ট কমিটি ৭ দিনের মধ্যে সভা করে সিদ্ধান্ত নেবে। তখনই বিস্তারিত জানা যাবে।’

রেফারিরা ভাতা বাড়ানোর আবেদন করেছিল। এখন এক হাজার টাকা করে বাড়ছে। ভাতা বৃদ্ধি ১ জানুয়ারি থেকে কার্যকর হবে। তাছাড়া তাদের বকেয়া শিগগিরই দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। রেফারিদের মান উন্নয়নে একাডেমি গঠনের সিদ্ধান্ত হয়েছে। 

দেশে ২৯টি জেলার ফুটবল কমিটি ভেঙে দিয়ে এডহক কমিটি হচ্ছে। জানুয়ারিতে সিরাজগঞ্জসহ বিভিন্ন জেলায় তারুণ্য উৎসব হবে। যেখানে মূলত হবে ফুটবল টুর্নামেন্ট। এছাড়া বাফুফের বিভিন্ন স্ট্যান্ডিং কমিটিও গঠন হয়েছে। 

বাফুফের পরবর্তী নির্বাহী কমিটির সভা চট্টগ্রাম ও যশোরে করার সিদ্ধান্ত হয়েছে। সভায় নেওয়া আরও সিদ্ধান্তের মধ্যে ছিল বাফুফের সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষারের চুক্তি নবায়ন। তার মেয়াদ দু’বছর বাড়ানো হয়েছে। তাছাড়া চ্যাম্পিয়নশিপ লিগ হবে ৮ দল নিয়ে। যেখানে থাকছে না কোনও রেলিগেশন।