শিরোপা লড়াইয়ে যে বার্তা দিচ্ছে আর্সেনাল

প্রাণভোমরা বুকায়ো সাকা ছিটকে গেছেন। তার ছিটকে যাওয়ায় বড় ধাক্কা খেয়েছে আর্সেনাল! তার পরেও পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিয়েছে তারা। প্রিমিয়ার লিগে পিছিয়ে পড়েও ব্রেন্টফোর্ডকে ৩-১ গোলে হারিয়েছে মিকেল আর্তেতার দল। 

ব্রেন্টফোর্ড এই মৌসুমে ঘরের মাঠে আধিপত্য বিস্তার করে খেলছে। ম্যাচের শুরুতেও সেরকমই আভাস দিয়েছে। ১৩ মিনিটে স্বাগতিকদের প্রথম আক্রমণ থেকে জাল কাঁপান ব্রায়ান এমবিউমো। শুরুতে পিছিয়ে পড়া আর্সেনাল তার পরও হাল ছাড়েনি। প্রথমার্ধের বিরতির আগেই তাদের সমতায় ফেরান দুর্দান্ত ফর্মে থাকা গাব্রিয়েল জেসুস। 

আর্সেনাল বিরতির পরই নিজেদের মেলে ধরে। খেলা শুরুর পাঁচ মিনিট পর দলকে এগিয়ে দেন মিকেল মেরিনো। তিন মিনিট বাদে ক্লিনিক্যাল ভলিতে তৃতীয় গোল তুলে নেন গাব্রিয়েল মার্তিনেল্লি। 

এই জয়ে চেলসি ও নটিংহাম ফরেস্টকে টপকে দুইয়ে উঠেছে গানাররা। ১৯ ম্যাচে তাদের সংগ্রহ ৩৯ পয়েন্ট। শীর্ষে থাকা লিভারপুল আছে ৪৫ পয়েন্ট নিয়ে। তিনে থাকা নটিংহামের অর্জন ১৯ ম্যাচে ৩৭। চেলসির সংগ্রহ সমান ম্যাচে ৩৫। 

এই ম্যাচ হারলে লিভারপুলের চেয়ে ৯ পয়েন্টে পিছিয়ে পড়তো আর্সেনাল। সেটা হয়নি শেষ পর্যন্ত। তাতে শিরোপা লড়াইয়ে দারুণ ফ্যাক্টরে পরিণত হওয়ার বার্তা দিচ্ছে আর্তেতার দল। সব মিলিয়ে তার দল এখনও অপরাজিত ১১ ম্যাচ।