আর্জেন্টাইন ডিফেন্ডারের গোলে ফুলহ্যামকে হারালো ম্যানইউ

স্নায়ুচাপ ধরে রেখে ফুলহ্যামের মাঠে জয় পেলো ম্যানচেস্টার ইউনাইটেড। আর্জেন্টাইন ডিফেন্ডার লিসান্দ্রো মার্টিনেজের চমৎকার গোলে এক ম্যাচ পর জয়ে ফিরেছে তারা। রবিবার ইংলিশ প্রিমিয়ার লিগে তারা প্রতিপক্ষের মাঠে ১-০ গোলে জিতেছে।

৭৮তম মিনিটে প্রতিপক্ষ খেলোয়াড়ের গায়ে লেগে মার্টিনেজের শট জালে জড়ায়। সাসা লুকিচের শরীরে বল ছুয়ে বার্ন্ড লেনোকে পরাস্ত করে।

গত সপ্তাহে ব্রাইটনের কাছে লিগে নবম ম্যাচে ষষ্ঠ হার দেখার পর ঘুরে দাঁড়ালো ম্যানইউ।

শেষ কয়েক মিনিটে ফুলহ্যাম সমতা ফেরানোর সুযোগ তৈরি করেছিল। কর্নার থেকে জোয়াখিম এন্ডারসনের হেড গোল লাইন থেকে ফেরান টবি কোলিয়ার।

স্টপেজ টাইমে শেষ সুযোগ পেয়ে পেনাল্টি বক্সের ভেতর থেকে বল বারের ওপর দিয়ে মারেন রদ্রিগো মুনিজ।

কিছুক্ষণ পর আমাদ দিয়ালো জালে বল জড়ালেও দুই গোলে জেতা হয়নি। অফসাইডে তা বাতিল হয়েছে।

২৩ ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে ১২তম ম্যানইউ। দশে থাকা ফুলহ্যামের চেয়ে চার পয়েন্ট পেছনে তারা।