ম্যানইউকে আরেক ধাপ নিচে নামালো প্যালেস

ঘরের মাঠে কোনও সুবিধা নিতে পারছে না ম্যানচেস্টার ইউনাইটেড। এই মৌসুমে ওল্ড ট্র্যাফোর্ডে তাদের বেহাল দশা। রবিবার প্রিমিয়ার লিগে ক্রিস্টাল প্যালেসের কাছে ২-০ গোলে নিজ মাঠে হারলো ম্যানচেস্টার ক্লাব।

সব প্রতিযোগিতা মিলিয়ে টানা চতুর্থ জয়ের লক্ষ্যে খেলতে নেমেছিল ইউনাইটেড। কিন্তু তাদের ঘরের মাঠে দাপট দেখায় প্যালেস। বিশেষ করে প্রথমার্ধে বেশ কিছু সুযোগ তৈরি করে ম্যানইউকে চাপে রেখেছিল তারা।

অবশেষে ৬৪ মিনিটে প্যালেস গোলমুখ খুলতে সফল হয়। ক্রসবারে আঘাত করে ফিরে আসা বলে প্রথম শটেই লক্ষ্যভেদ করেন জ্য ফিলিপ্পে মাতেতা। ইউনাইটেড সমতা ফেরাতে মরিয়া ছিল। উল্টো মাতেতার দ্বিতীয় গোলে লিগে ঘরের মাঠে সপ্তম হার দেখে তারা। ৮৯তম মিনিটের গোল হজম করে রুবেন আমোরিমের দল।

২৪ ম্যাচে ১১তম হার দেখলো ম্যানইউ। তাতে তাদেরকে ১৩ নম্বরে নামিয়ে দ্বাদশ স্থানে উঠলো প্যালেস।