ইংলিশ ফুটবলের তৃতীয় স্তরের ক্লাব লেটন অরিয়েন্ট। আত্মঘাতী গোলে তাদের কাছে শুরুতেই পিছিয়ে পড়ে ম্যানচেস্টার সিটি। তিন দিন পর রিয়াল মাদ্রিদের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগ প্লে-অফ সামনে রেখে বেঞ্চ শক্তি পরীক্ষা করতে গিয়ে বিপদে পড়েছিল তারা। শেষ পর্যন্ত দলের তারকা খেলোয়াড় কেভিন ডি ব্রুইনা বদলি নামার কিছুক্ষণ পর জাল কাঁপালেন। তাতে শনিবার ২-১ গোলে জিতে এফএ কাপে চতুর্থ রাউন্ডের বাধা টপকালো সিটিজেনরা।
১৬তম মিনিটে লেটন এগিয়ে যায়। জেমি ডনলি নিশ্চয় এই গোল আজীবন মনে রাখবেন। ৪৫ গজ দূর থেকে শট নেন তিনি। গোলপোস্ট ছেড়ে খানিকটা সামনে এগিয়ে আসা সিটি কিপার স্টেফান ওর্তেগা বল আসতে দেখে পেছনে যান। ততক্ষণে বল ক্রসবারে আঘাত করে, নিচে নেমে সিটি কিপারের পেছনে লেগে গোললাইন পার হয়।
পিছিয়ে পড়ার পর একের পর এক আক্রমণ করলেও লেটন জশুয়া কিলির দারুণ সব সেভে হতাশ হতে হয় ম্যানসিটিকে।
১-০ গোলে পিছিয়ে থেকে বিরতিতে যাওয়া ম্যানসিটি দ্বিতীয়ার্ধে আক্রমণের ঢেউ তোলে। শেষ পর্যন্ত ঘড়ির কাঁটা এক ঘণ্টাতে পৌঁছানোর আগেই সমতা ফেরায় তারা। ৫৬তম মিনিটে রিকো লুইসের শট ডিফ্লেক্টেড হলে সমতা ফেরান আব্দুলকদির খুসানোভ।
বদলি নামার সাত মিনিট পর ডি ব্রুইনা স্বস্তি ফেরান। ৭৯তম মিনিটে জ্যাক গ্রিলিশের ভাসানো বল বক্সের মধ্যে গিয়ে টোকা দিয়ে আড়াআড়ি শটে স্কোর ২-১ করেন।
শেষ মুহূর্তে লেটন অধিনায়ক ড্যান হাপ্পের ভলি ক্রসবারের ওপর দিয়ে মেরে সমতা ফেরানোর দারুণ সুযোগ নষ্ট করেন।