উলভসকে হারিয়ে সাত পয়েন্টে এগিয়ে থেকে শীর্ষে লিভারপুল

এফএ কাপ চতুর্থ রাউন্ডে প্লাইমাউথের কাছে হেরে বিদায় নেওয়ার পর ইংলিশ প্রিমিয়ার লিগে এভারটনের সঙ্গে ২-২ গোলে ড্র করেছিল লিভারপুল। রবিবার দুই ম্যাচ পর তারা জয়ে ফিরলো। প্রিমিয়ার লিগে ২-১ গোলে তারা উলভসকে হারিয়েছে। আর এই জয় তাদেরকে সাত পয়েন্টে এগিয়ে রাখলো।

২৫ ম্যাচে ৬০ পয়েন্ট নিয়ে শীর্ষে লিভারপুল। আর্সেনাল সমান ম্যাচ খেলে ৫৩ পয়েন্ট পেয়ে দ্বিতীয় স্থানে। ১৯ পয়েন্টে ১৭তম উলভস, রেলিগেশন জোন থেকে দুই ধাপ উপরে তারা।

১৫ মিনিটে লুইস দিয়াজের গোলে এগিয়ে যায় লিভারপুল। গত সেপ্টেম্বরের পর অ্যানফিল্ডে লিগের প্রথম গোল করলেন তিনি। 

সালাহকে পাস দেন তিনি। তারপর ফিরতি পাসে প্রতিপক্ষ খেলোয়াড় টটি গোমেসের গা ছুঁয়ে বল উপরে উঠেছিল। বুক দিয়ে ঠেলে উলভস কিপার হোসে সাকে পরাস্ত করেন দিয়াজ।

পরের গোলেও অবদান রাখেন দিয়াজ। পেনাল্টি আদায় করেন তিনি। যদিও উলভসের দাবি, দিয়াজ বক্সে ঢুকে সার ফাউলের শিকার হওয়ার আগে এমানুল আগবাদোকে ধাক্কা দেন। ভিএআরে তাদের দাবি টেকেনি। সালাহ মাঝ বরাবর শটে পেনাল্টি থেকে জাল কাঁপান। শেষ ছয় ম্যাচে যা তার সপ্তম গোল। 

বিরতির আট মিনিট আগে মিশরীয় ফরোয়ার্ড পেনাল্টি থেকে ব্যবধান দ্বিগুণ করেন। লিগের শীর্ষ গোলদাতার গোলের সংখ্যা বেড়ে হলো ২৩।

৬৭ মিনিটে ম্যাথিউস কুনহার গোলে উলভস ব্যবধান কমিয়ে লিভারপুলকে কিছুটা চাপে রেখেছিল। শেষ পর্যন্ত আর্নে স্লটের দল লিড ধরে রেখে জয় নিয়ে মাঠ ছাড়ে।

২০২০ সালে শেষবার প্রিমিয়ার লিগ শিরোপা জিতেছিল লিভারপুল। আগামী ১০ দিনের মধ্যে অ্যাস্টন ভিলা, ম্যানসিটি ও নিউক্যাসেলের বিপক্ষে সর্বোচ্চ পয়েন্ট নিতে পারলে ২০তম ট্রফি তাদের হাতছোঁয়া দূরত্বে এসে যাবে।