ক্রিস্টাল প্যালেস ও টটেনহ্যাম হটস্পারের পর এভারটন ম্যানইউর বিপক্ষে জয়ের উল্লাসে ভাসার অপেক্ষায় ছিল। বাজে ফর্মে থাকা ম্যানচেস্টারের ক্লাব ঠিক ঘুরে দাঁড়ালো। দ্বিতীয়ার্ধে আট মিনিটের ব্যবধানে দুই গোল করে ইংলিশ প্রিমিয়ার লিগে হ্যাটট্রিক হার এড়ালো তারা।
প্রথমার্ধে পাত্তাই পায়নি ম্যানইউ। বিরতির আগেই ২-০ গোলে পিছিয়ে পড়ে তারা। রক্ষণের ভুলে ১৯ মিনিটে বেতো অতিথিদের জালে বল জড়ান। গোল বৈধ ছিল কি না জানতে কয়েক মিনিট ভিএআর যাচাই করতে হয়েছিল রেফারিকে। আব্দুলায়ে ডকুরে ৩৩ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন। জ্যাক হ্যারিসনের প্রচেষ্টা ফিরে এলে হেড করে জাল কাঁপান তিনি।
আন্দ্রে ওনানা গোলপোস্টের নিচে বীরত্ব না দেখালে আরও একাধিক গোল করতে পারতো এভারটন। হাফটাইমের কিছুক্ষণ পরই ডকুরের দারুণ প্রচেষ্টা রুখে দেন ম্যানইউ কিপার। তারপরই জেগে ওঠে অতিথিরা। শেষ পর্যন্ত ব্রুনো ফের্নান্দেসের গোলে ৭২ মিনিটে ব্যবধান কমায় অতিথি দল। বক্সের বাইরে থেকে ডান পায়ের ফ্রি কিকে দারুণ এক গোল করেন তিনি। এভারটন কিপার জর্ডান পিকফোর্ড অসহায় চোখে বল জালে জড়াতে দেখেন। আট মিনিট পর ম্যানুয়েল উগার্তা সমতা ফেরান। ফের্নান্দেসের ফ্রি কিকে ফিরতি শটে গোল করেন তিনি।
কিন্তু আমোরিমের দল হারতেই বসেছিল। বক্সের মধ্যে অ্যাশলে ইয়াং পড়ে গেলে রেফারি অ্যান্ডি ম্যাডলি পেনাল্টির বাঁশি বাজান। অবশ্য ভিএআর দেখে রেফারি বুঝতে পারেন, ইয়াং অল্পতেই ম্যানইউর বক্সে পড়ে গেছেন। পেনাল্টির সিদ্ধান্ত পাল্টান তিনি।
২৬ ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে ১৫ নম্বরেই আছে ম্যানইউ। ৩১ পয়েন্ট পেয়ে ১২তম স্থানে উঠে গেছে এভারটন।