আবাহনীকে হারাতে ইউক্রেনসহ ৯ বিদেশির ওপরও ভরসা কিরগিজস্তানের মুরাসের

মাত্র দুই বছর বয়স কিরগিজস্তানের মুরাস ইউনাইটেডের। এসেই এখন এএফসি চ্যালেঞ্জ লিগে খেলছে। সোমবার ঢাকায় এসে সংবাদ সম্মেলনে আবাহনী লিমিটেডের বিপক্ষে কালকের ম্যাচ সামনে রেখে তাদের কোচ ও অধিনায়কের কণ্ঠ থেকে ফুটে উঠলো জয়ের আত্মবিশ্বাস। 

মুরাস ইউনাইটেড তাদের দেশে লিগ খেলছে। তাই আজ সকালে চার্টার্ড প্লেনে করে ঢাকায় এসেছে। তাদের দলের ইউক্রেনের কোচ পুসকভ সারগেই দোভাষির মাধ্যমে বাফুফে ভবনে সংবাদ সম্মেলনে বলেছেন,‘অবশ্যই আমরা আমাদের সেরাটা দেবো জেতার জন্য। যে দুটো দলের কথা বললেন তারা খুব অভিজ্ঞ ক্লাব আমাদের দেশের। আমরা নতুন দল, তবে ঐতিহ্য ধরে রাখার চেষ্টা করবো আমরা।’

নতুন দল হিসেবে এশিয়ান ফুটবলে নিজেদের তুলে ধরার লক্ষ্য এই কোচের,‘আমি এক বছর ধরে দলটির কোচ। কিরগিজস্তানে ঘরোয়া কাপ জিতেছি। যে কারণে আমরা এখানে আছি। এশিয়ান ফুটবলে নিজেদের তুলে ধরার ভালো সুযোগ এটি।’

প্রতিপক্ষ আবাহনীর একটি ম্যাচ তারা ইউটিউবে দেখেছে। কোচ সেটা দেখে বলেছেন,‘এখন পর্যন্ত আমরা আবাহনীর একটি ম্যাচই পেয়েছি, ২৭ মে যেটা খেলেছিল। সেই ম্যাচ দেখে আমরা বিশ্লেষণ করার চেষ্টা করছি। আমাদের দলটা অর্ধেক স্থানীয় ও অর্ধেক বিদেশি খেলোয়াড়ে পরিপূর্ণ। দলের পরিবেশ খুবই বন্দুত্বপূর্ণ। আশা করি সেটা আমাদের জিততে সহায়তা করবে।’

অর্ধেক বিদেশি বলতে দলে ইউক্রেনের ফুটবলার রয়েছেন ৭জন। আরও দুই বিদেশিও রয়েছে। এছাড়া জাতীয় দলের ৪জন খেলোয়াড় খেলে থাকেন। তাই শক্তির দিক দিয়ে দলটি ব্যালেন্সড।

ঢাকার জাতীয় স্টেডিয়ামে বিকাল ৫টায় হবে ম্যাচটি। নিজেদের মাঠে আবাহনী এগিয়ে থাকবে তা বুঝেই ইউক্রেনের কোচ বলেছেন,‘অবশ্যই ঘরের মাঠে নিজেদের সমর্থকদের সামনে খেলাটা সহজ। সমর্থকেরা দলের দ্বাদশ খেলোয়াড়। তবে আমরা ইতোমধ্যে অনেক অ্যাওয়ে ম্যাচ খেলেছি। আমরা জানি এএফসি টুর্নামেন্টে আবাহনী খুব অভিজ্ঞ দল, ঘরোয়া লিগে অনেকবার চ্যাম্পিয়ন হয়েছে। আমাদের খেলোয়াড়েরাও যথেষ্ট অভিজ্ঞ। কাল তারা সেরাটা দিয়ে খেলবে।’

ঢাকার আবহাওয়া তাদের কম ভাবাচ্ছে না। কোচ যেমন বলেছেন,‘এখানকার কন্ডিশন আলাদা। আর্দ্রতা ও গরম বেশি। সেটা আমাদের খেলোয়াড়দের ওপর প্রভাব ফেলতে পারে এবং আমাদের জন্য কঠিন হবে।’

অধিনায়ক ঝাপারভ আমির অল্প কথায় পরিষ্কার জয়ের আত্মবিশ্বাস নিয়ে বলেছেন,‘আমরা খুব ভালোভাবে প্রস্তুতি নিয়েছি। কাল আমরা আমাদের সেরাটা দেব। আশা করি জিতবো।’