গত বছরের শেষ দিকে খেই হারিয়ে ফেলেছিল ম্যানসিটি। ব্রাইটন অ্যান্ড হোভ আলবিয়নের মাঠে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা চতুর্থ হার ছিল সেই দুঃসময়ের একটি মুহূর্ত। আবার তা ফিরে এলো নতুন মৌসুমে। রবিবার আমেরিকান এক্সপ্রেস স্টেডিয়ামে এগিয়ে গিয়েও হারলো সিটিজেনরা।
আধঘণ্টা না যেতেই ম্যানসিটি লিড নিয়েছিল। দ্বিতীয়ার্ধে দুই গোল হজম করে তারা, শেষটি খেলা শেষ হওয়ার মিনিটখানেক আগে। উলভারহ্যাম্পটনকে ৪-০ গোলে উড়িয়ে মৌসুম শুরু করা ম্যানচেস্টার ক্লাব টানা দুটি ম্যাচ হারলো। টটেনহাম হটস্পারের কাছে ঘরের মাঠে হারার পর ব্রাইটনের কাছে তারা ২-১ গোলে পরাজিত হলো।
আগের ম্যাচের মতোই আর্লিং হাল্যান্ডের গোলে লিড নেয় সিটি। ৩৪ মিনিটে নরওয়েজিয়ান স্ট্রাইকার গোল করেন। দ্বিতীয়ার্ধে পেনাল্টি এরিয়ায় ম্যাথুস নুনেসের হ্যান্ডবল হলে রেফারি সরাসরি স্পট কিকের বাঁশি বাজান। ৩৯ বছর ২৩৯ দিন বয়সী জেমস মিলনার সবচেয়ে বয়স্ক খেলোয়াড় হিসেবে প্রিমিয়ার লিগ ইতিহাসে পেনাল্টি গোল করেন। ২০১৯ সালের ডিসেম্বরের পর প্রথম প্রিমিয়ার লিগ গোল করলেন সাবেক লিভারপুল তারকা।
খেলার শেষ মুহূর্তে ব্রাহান গ্রুদা গোল করে স্বাগতিক দর্শকদের উল্লাসে মাতান। ৮৯ মিনিটে কাওরু মিতোমার অ্যাসিস্টে সিটি কিপারকে ফাঁকি দিয়ে বক্সের সেন্টার থেকে জাল কাঁপান তিনি ডান পায়ের শটে।
তিন ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে টেবিলের ১২তম দল ম্যানসিটি। এক পয়েন্টে এগিয়ে থেকে দশম স্থানে ব্রাইটন।