প্রিমিয়ার লিগে স্বল্প সময়ের জন্য হলেও আবার শীর্ষে উঠেছিল ম্যানচেস্টার সিটি। রায়ান শেরকির শেষ মুহূর্তের গোলে নটিংহাম ফরেস্টকে ২-১ গোলে হারিয়েছে তারা।
তিজানি রেইনডার্সের দ্বিতীয়ার্ধের গোলে এগিয়ে যাওয়ার পরও সিটির শিরোপা স্বপ্নে ধাক্কা দিতে যাচ্ছিলো ফরেস্ট। ৫৪ মিনিটে ওমারি হাচিনসন গোল করে স্কোর ১-১ করেন। তাতে পয়েন্ট হারানোর শঙ্কায় পড়ে সিটি। তবে শেষ পর্যন্ত নাটকীয়ভাবে জয় নিশ্চিত করেন শেরকি। শেষদিকে তার গোলেই সিটির দুর্দান্ত ফর্ম অব্যাহত থাকছে। সব প্রতিযোগিতা মিলিয়ে টানা আট ম্যাচে জয় পেয়েছে পেপ গার্দিওলার দল।
ধুঁকতে থাকা ফরেস্টের জন্য এই হারটি ছিল যন্ত্রণার। প্রয়াত ক্লাব কিংবদন্তি জন রবার্টসনকে শ্রদ্ধা জানানোর দিনে এমন পরাজয় তাদের হতাশাই বাড়াচ্ছে।
অবশ্য দারুণ রক্ষণে প্রথমার্ধে সিটিকে হতাশ করে যাচ্ছিলো ফরেস্ট। কিন্তু দ্বিতীয়ার্ধ শুরুর মাত্র তিন মিনিটের মাথায় সেই প্রতিরোধ ভেঙে পড়ে।
পরে অবশ্য ব্রাইটনকে ২-১ গোলে হারিয়ে শীর্ষস্থান দখলে নেয় আর্সেনাল। গানারদের হয়ে একটি গোল করেন ওডেগার্ড। অপরটি ছিল আত্মঘাতী।