আবারও সেমেনিওর গোল, লিগ কাপে এগিয়ে থাকলো সিটি 

২০২১ সালের পর লিগ কাপের ফাইনাল খেলার লক্ষ্য নির্ধারণ করেছে ম্যানচেস্টার সিটি। সেই লক্ষ্যে নিজেদের একধাপ এগিয়ে নিয়েছে তারা। সেমিফাইনালের প্রথম লেগে বর্তমান চ্যাম্পিয়ন নিউক্যাসল ইউনাইটেডকে ২-০ গোলে হারিয়েছে। 

বোর্নমাউথ থেকে মাত্র এক সপ্তাহ আগে ৬৫ মিলিয়ন পাউন্ডে দলে ভিড়েছেন সেমেনিও। নতুন ক্লাবে এসেই প্রভাব ফেলেছেন এই ফরোয়ার্ড। গত সপ্তাহান্তে এক্সেটার সিটির বিপক্ষে অভিষেকে একটি গোল করার পাশাপাশি আরেকটি গোলে অ্যাসিস্ট তিনি। তারই ধারাবাহিকতায় এদিন সেমিফাইনালের প্রথম লেগেও শুরুতে ভূমিকা রাখেন সেমেনিও। ৫৩ মিনিটে জেরেমি ডোকুর ক্রস বার্নার্দো সিলভার মাথায় লেগে পেছনের পোস্টে পৌঁছালে ঠিক সময়ে সেখানে উপস্থিত থেকে জালে বল জড়ান তিনি। পরে একটি গোল অবশ্য বাতিল হয় তার।

পরে দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে নিউক্যাসলের দুর্ভাগ্য আরও বাড়ে। বদলি হয়ে নামা রায়ান শেরকি জোরালো শটে জালে বল পাঠিয়ে সিটির ব্যবধান দ্বিগুণ করেছেন।

ম্যাচে নিউক্যাসলের সুযোগও তৈরি হয়েছিল। দুর্ভাগ্য গোলশূন্য অবস্থায় দু’বার ক্রসবারে প্রতিহত হয়েছে তাদের শট। তবে শুরুর দিকে সুবর্ণ সুযোগটি পেয়েছিলেন উইসা। কিন্তু দুর্ভাগ্য কাছ থেকে নেওয়া শট তিনি মারেন বারের ওপর।

এখন আটবারের শিরোপাজয়ী ম্যানচেস্টার সিটি ৪ ফেব্রুয়ারি ইতিহাদ স্টেডিয়ামে ফিরতি লেগে নিউক্যাসলের মুখোমুখি হবে।