বর্তমান চ্যাম্পিয়নদের হারিয়ে ফাইনালে ম্যানসিটি 

বর্তমান চ্যাম্পিয়ন নিউক্যাসল ইউনাইটেডকে হারিয়ে লিগ কাপের ফাইনাল নিশ্চিত করেছে ম্যানচেস্টার সিটি। দুই লেগ মিলিয়ে ৫–১ ব্যবধানে জিতেছে পেপ গার্দিওলার দল। ফাইনালে তাদের প্রতিপক্ষ প্রিমিয়ার লিগের শীর্ষ দল আর্সেনাল। একপেশে সেমিফাইনালের দ্বিতীয় লেগে সিটি জয় পায় ৩-১ গোলে।  

অথচ প্রথম লেগে ২–০ গোলে পিছিয়ে থাকা নিউক্যাসলের দ্বিতীয় লেগে দরকার ছিল বিশেষ কিছু। কিন্তু ইতিহাদ স্টেডিয়ামে ম্যাচের শুরুতেই সেই সম্ভাবনায় বড় ধাক্কা লাগে। ম্যাচের ৭ মিনিটে সিটিকে এগিয়ে দেন ওমর মারমুশ। 

আর্লিং হাল্যান্ডের বদলে একাদশে নামা মারমুশ সুযোগ কাজে লাগান দারুণভাবে। তার শট প্রতিপক্ষের গায়ে লেগে দিক বদলে ঢুকে যায় জালের ভেতর। 

সফরকারীরাও সমতায় ফেরার সুযোগ পেয়েছিল। সেগুলো কাজে লাগাতে না পারার খেসারত দিতে হয় তাদের।

২৯ মিনিটে কাছ থেকে হেডে নিজের দ্বিতীয় গোল করেন মারমুশ। এরপর ৩২ মিনিটে আলগা বল থেকে গোল করে ব্যবধান আরও বাড়ান রেইন্ডার্স। এতে দুই লেগ মিলিয়ে ম্যাচের ফল কার্যত নিশ্চিত হয়ে যায়। 

৬২ মিনিটে বাঁকানো শটে নিউক্যাসলের হয়ে একটি গোল শোধ দেন অ্যান্থনি এলাঙ্গা। হার্ভি বার্নসের আরও একটি গোলও বাতিল হয়েছে। ততক্ষণে অবশ্য ম্যাচের ভাগ্য অনেক আগেই নির্ধারিত হয়ে গেছে।

আগামী ২২ মার্চ লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে শিরোপা মঞ্চে আর্সেনালের মুখোমুখি হবে ম্যানচেস্টার সিটি।