ব্রাজিলকে ‘হুমকি’ দিয়ে রাখলেন জাপানের তারকা

সুইডেনের বিপক্ষে ১-১ ব্যবধানে ড্র করেছে জাপান। এ ম্যাচে বিশ্বকাপে জাপানের রেকর্ড সপ্তম গোল করেন ডাইজেন মায়েদা। গ্রুপের রানার্সআপ হওয়ায় তারা শেষ ৩২ এ পেয়েছে পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিলকে। আগামী সোমবার হিউস্টনে মুখোমুখি হবে দুই দল।

সুইডেনের সঙ্গে ড্রয়ের পর ম্যাচ শেষে এক সাক্ষাৎকারে ২৮ বছর বয়সী ফরোয়ার্ড মায়েদা বলেছেন, ‘‘বেশ, আমার বিশ্বাস খেলাটি খুবই গতিশীল হবে, তবে আমরা যদি দৃঢ়তার সঙ্গে নিজেদের স্বভাবজাত খেলাটা খেলতে পারি, তাহলে যেকোনো প্রতিপক্ষকেই হারাতে পারবো। আমরা এখনও ভালো প্রস্তুতি নিচ্ছি। এ পর্যন্ত যা কিছু তৈরি করেছি এবং দলগতভাবে যে বন্ধন গড়ে তুলেছি, তা যদি দৃঢ়ভাবে মাঠে দেখাতে পারি, তবে প্রথম পদক্ষেপ হবে সেটাকে শক্তভাবে তুলে ধরা।’’

মায়েদার পর ব্রাজিলিয়ানদের বিপক্ষে ম্যাচ নিয়ে কথা বলেন অভিজ্ঞ ইয়ুতো নাগাতোমোও। এফসি টোকিও খেলোয়াড় নেইমারকে নিয়ে ভাবছেন, যিনি জাপানি দলকে নিজের বড় শিকার বানিয়েছেন, ব্লু সামুরাইদের বিপক্ষে ব্রাজিলিয়ান তারকার গোল ৯টি। তিনি বলেন, ‘‘নেইমার ইতোমধ্যেই একজন বিশ্বমানের খেলোয়াড়, তাই আমি নেইমারের ব্যাপারেও বেশ সতর্ক থাকতে চাই। আর সত্যি বলতে, ব্রাজিলের বিপক্ষে ম্যাচটি এখন (আমাদের জন্য) সম্পূর্ণ নতুন একটি টুর্নামেন্ট। এই ব্রাজিলের বিপক্ষে মাঠে নিজেদের শতভাগ উজার করে দেওয়া একেবারেই আবশ্যক।’’

জাপান ও ব্রাজিলের মাঠে দেখা হয়েছে ১৪ বার। ব্রাজিল ১১টি জয়ে এই দ্বৈরথে এগিয়ে, ড্র করেছে দুটি এবং একটি জয় জাপানের। তবে ২০২৫ সালে ব্লু সামুরাইদের কাছে হেরেছিল ব্রাজিল। দেখা যাক এবারের বিশ্বকাপে কে করে বাজিমাত।