স্কালোনি চাইছেন এখনই চ্যাম্পিয়ন হতে!

লিওনেল স্কালোনির সামনে শততম ম্যাচের হাতছানি। তার আগে আজ ডালাসে সংবাদ সম্মেলনে তার কাছে জানতে চাওয়া হয়েছিল শেষ ষোলতে প্রতিপক্ষ হিসেবে কাকে চাইছে তার দল। স্কালোনি সরাসরি উত্তর দেননি। তবে ঘুরিয়ে বলতে চাইছেন কাল বিশ্বকাপ শেষ হলে তারাই চ্যাম্পিয়ন হতে চায়!

আগেই রাউন্ড অব ৩২-এ পৌঁছে যাওয়া আর্জেন্টিনার কোচের কাছে ম্যাচের আগে  তার পছন্দের কথা জানতে চাওয়া হয়। মায়ামিতে হবে সেই ম্যাচটি। তার আগে কোচ এই উত্তর দেন, “এখানে বসে আমার পছন্দের কথা বলাটা চরম অসম্মানের হবে। সত্যি বলতে আমি কারও কথা ভাবছি না। বরং আমি চাইবো বিশ্বকাপ আগামীকালই শেষ হোক এবং আমরা চ্যাম্পিয়ন হই। আমরা এমন কিছু বিষয় দেখছি যা আমরা সবসময় বলে এসেছি। এখানে অনেক কঠিন প্রতিপক্ষ রয়েছে এবং আমাদের কারও দিকে হাত তোলার বা কাউকে বেছে নেওয়ার মতো পরিস্থিতি নেই।”  

২০১৮ সালের সেপ্টেম্বরে গুয়াতেমালার বিপক্ষে একটি প্রীতি ম্যাচে অভিষেকের প্রায় আট বছর পর, ম্যাচটি হতে চলেছে আর্জেন্টিনা জাতীয় দলের ডাগআউটে স্কালোনির ১০০তম ম্যাচ। নিজের এই পরিসংখ্যান সম্পর্কে জানতে চাওয়া হলে তিনি বলেন, “মানুষ দলের প্রস্তাবনায় নিজেদের খুঁজে পেয়েছে কিনা, জাতীয় দল দেশের মানুষকে ঠিকমতো প্রতিনিধিত্ব করতে পেরেছে কিনা— এটাই আমার কাছে গুরুত্বপূর্ণ, অন্য কিছু নয়। এটুকুই যথেষ্ট হতো। আমি কখনও ভাবিনি যে আমি ১০০টি ম্যাচ পরিচালনা করবো, এটা তো বিশাল ব্যাপার।”