বিশ্বকাপের নকআউট পর্বে শেষ ৩২-এ বেলজিয়ামের বিপক্ষে প্রাপ্য ব্যবধানেই এগিয়ে গেছে সেনেগাল। তাতে এই অর্ধে চাপে থেকেই মাঠ ছেড়েছে কেভিন ডি ব্রুইনারা।
২৪ মিনিটে প্রথম গোলটি করেন ইংলিশ ক্লাব সান্ডারল্যান্ডের মিডফিল্ডার হাবিব দিয়ারা। ক্রিস্টাল প্যালেস ফরোয়ার্ড ইসমাইলা সারের শট পোস্টে লেগে ফিরে এলে ফিরতি বলে জাল খুঁজে নেন তিনি।
পুরো প্রথমার্ধেই ফেবারিট বেলজিয়ামকে চাপে রেখে খেলেছে দ্য লায়ন্স অব তেরাঙ্গারা।
২৪ মিনিটের গোলের আগে ১৩ মিনিটে গোলের সুবর্ণ সুযোগ তৈরি করেছিল সেনেগাল। বেলজিয়ামের গোলরক্ষক থিবো কুর্তোয়ার ভুলের সুযোগ নিয়ে ইসমাইলা সারের শট পোস্টে লেগে ফিরে আসে।
প্রথমার্ধে আধিপত্য দেখিয়েছে সেনেগাল-ই। বলের দখলে তারা এগিয়ে ছিল ৬৪ শতাংশ। বেলজিয়ামের দখল ছিল ৩৬ শতাংশ। সেনেগাল পাঁচটি শট নিয়ে দুটি লক্ষ্যে রাখতে সক্ষম হয়েছে। অন্যদিকে বেলজিয়াম দুটি শটের মধ্যে মাত্র একটি লক্ষ্যে রাখতে পেরেছে।