স্পেনের জয়ের রাতে ইয়ামালকে ছাপিয়ে ভাইরাল হওয়া শিশুটি কে

থ্রিলার ম্যাচে বেলজিয়ামকে ২-১ ব্যবধানে হারিয়ে ২০২৬ ফিফা বিশ্বকাপের সেমিফাইনালে পা রেখেছে স্পেন। মাঠের লড়াইয়ে পুরো ফুটবল বিশ্বের নজর ছিল যথারীতি স্প্যানিশ সেনসেশন লামিনে ইয়ামালের ওপর। তবে সোফি স্টেডিয়ামে অনুষ্ঠিত এই হাইভোল্টেজ কোয়ার্টার ফাইনাল ম্যাচে ইয়ামালকেও ছাপিয়ে সব আলো কেড়ে নিয়েছে তার তিন বছর বয়সী ভাই কেইন। গ্যালারিতে থাকা এই শিশুর মিষ্টি ও চঞ্চল কাণ্ডকারখানা এখন সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল।

সোফি স্টেডিয়ামে অনুষ্ঠিত উত্তেজনাপূর্ণ ম্যাচ চলাকালে টেলিভিশন ক্যামেরা বারবার গ্যালারিতে থাকা কেইনের দিকে ঘুরে যায়। স্পেনকে উৎসাহ দিতে তাকে উচ্ছ্বাসের সঙ্গে হাত নাড়তে ও চিৎকার করতে দেখা যায়। একপর্যায়ে ক্যামেরা নিজের দিকে তাক করা দেখে জিভও বের করে দেখায় ছোট্ট কেইনে। মুহূর্তেই সেই দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং সে হয়ে ওঠে নতুন ভাইরাল মুখ।

চলতি বিশ্বকাপে অবশ্য এটাই প্রথম নয়। রাউন্ড অব ৩২-এ অস্ট্রিয়াকে হারানোর পরও তার উচ্ছ্বসিত উদযাপনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছিল।

২০২২ সালের সেপ্টেম্বরে জন্ম নেওয়া কেইনে ও লামিনে ইয়ামালের মা একই- শেইলা এবানা। দুই ভাইয়ের বয়সের ব্যবধান ১৫ বছর হলেও তাদের সম্পর্ক বেশ ঘনিষ্ঠ।

নিজের শৈশবের কথা বলতে গিয়ে এর আগে ইয়ামাল বলেছিলেন, আমি এমন একটি অ্যাপার্টমেন্টে বড় হয়েছি, যেখানে রান্নাঘর আর শোবার ঘর একই জায়গায় ছিল। আমি আমার মাকে সুখী দেখতে পাই, আর আমার ভাই এমন একটি শৈশব পাচ্ছে, যেটা আমি চেয়েছিলাম। এটাই আমাকে সবচেয়ে বেশি আনন্দ দেয়।

বিশ্বকাপের সম্প্রচারের মাধ্যমে কেইনে এবার বৈশ্বিক দর্শকের নজরে এলেও নিয়মিত ফুটবল অনুসারীদের কাছে সে আগেই পরিচিত মুখ। তাকে প্রায়ই বার্সেলোনার মাঠ ক্যাম্প ন্যুতে বড় ভাইকে সমর্থন করতে দেখা যায়। ইউরোপের বিভিন্ন দেশেও ইয়ামালের খেলা দেখতে তার সফর নিয়মিত।

প্যারিসে ব্যালন ডি'অর অনুষ্ঠানে ইয়ামালের সঙ্গী হয়েছিল কেইনে। সেখানে লাল গালিচায় চ্যাম্পিয়ন্স লিগের ফুটবল নিয়ে খেলতে দেখা যায় তাকে। এছাড়া বার্সেলোনার ঘরোয়া শিরোপা উদযাপনে মাঠে নাচ, ইয়ামালের টিকটক ভিডিও এবং বাসা ঘুরে দেখানোর ভিডিওতেও তার উপস্থিতি দেখা গেছে।

স্পেন এখন সেমিফাইনালে ফ্রান্সের মুখোমুখি হওয়ার প্রস্তুতি নিচ্ছে। মাঠে আলোচনার কেন্দ্রে থাকবেন ইয়ামাল, আর গ্যালারিতে ছোট্ট কেইনে স্মরণ করিয়ে দিচ্ছে ফুটবলের বড় বড় শিরোনামের আড়ালে লুকিয়ে থাকা একটি পারিবারিক গল্প।

সূত্র: এনডিটিভি