ফ্রান্স একেবারেই ম্যাচে ছিল না: এমবাপ্পেদের তুলোধোনা ফরাসি কিংবদন্তির

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সেমিফাইনালে স্পেনের কাছে ২-০ গোলে হারের পর ফ্রান্স দলের পারফরম্যান্সের কড়া সমালোচনা করেছেন দেশটির সাবেক কিংবদন্তি ফুটবলার প্যাট্রিক ভিয়েরা। তার মতে, ম্যাচের প্রতিটি দিকেই স্পেন ছিল এগিয়ে, আর ফ্রান্স নিজেদের সেরাটা দেখাতেই পারেনি।

ম্যাচ শেষে আইটিভি১-এ কথা বলতে গিয়ে ভিয়েরা বলেন, স্পেন সব দিকেই ম্যাচ জিতেছে। ফ্রান্স দল একেবারেই ম্যাচে ছিল না। আমি আগেই বলেছিলাম, ফ্রান্সকে হারাতে হলে স্পেনকে সেরাটা খেলতে হবে, আর তারা সেটাই করেছে।

ভিয়েরার মতে, মাইকেল অলিসেকে নিষ্ক্রিয় করে দেওয়াই স্পেনের অন্যতম বড় সাফল্য ছিল। তিনি বলেন, অলিসেই ছিল আমাদের প্রধান ভরসা। আমাদের দরকার ছিল সে যেন বল পায়। কিন্তু স্পেন তাকে খেলতেই দেয়নি, সে বলই পায়নি।

তিনি আরও বলেন, বিশ্বকাপ জেতার বড় প্রত্যাশা ছিল ফ্রান্সকে ঘিরে। ফলাফলের চেয়ে পারফরম্যান্সই আমাদের বেশি হতাশ করেছে। আজ আমাদের সেরা খেলোয়াড়দের পারফর্ম করা দরকার ছিল, কিন্তু তারা তা পারেনি। একজন-দুজন নয়, পুরো দলই ব্যর্থ হয়েছে। পারফরম্যান্স সত্যিই খুব বাজে ছিল।

উল্লেখ্য সেমিফাইনালে হেরে ফ্রান্সের ফাইনালের দৌড় শেষ হয়ে গেলেও, আগামী শনিবার তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে জয় তুলে নিয়ে বিশ্বকাপ ২০২৬-এর মিশনটি অন্তত মাথা উঁচু করে শেষ করার সুযোগ রয়েছে ফরাসিদের সামনে।