স্পেনের বিরুদ্ধে বিশ্বকাপ ফাইনালে পরাজয়ের পর কয়েক দিনের বিশ্রামের জন্য নিজ শহর আর্জেন্টিনার রোসারিওতে ফিরেছেন লিওনেল মেসি। মঙ্গলবার (২১ জুলাই) স্থানীয় সময় সকাল ৬টা ২৭ মিনিটে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার ফোর্ট লডারডেল থেকে আসা মেসির ব্যক্তিগত বিমানটি তার জন্মশহরের কাছে অবতরণ করে। বিমানবন্দরে ব্যানার ও আর্জেন্টিনার পতাকা হাতে অনেক সমর্থক অপেক্ষা করলেও তিনি জনসমক্ষে আসেননি।
বুয়েনস আইরেস থেকে প্রায় ৩০০ কিলোমিটার (১৮৫ মাইল) উত্তরে ফিউনেস এলাকার একটি ব্যক্তিগত আবাসিক এলাকায় মেসি ও তার পরিবারকে নিয়ে যাওয়ার জন্য রানওয়েতে একটি এসইউভি গাড়ি হাজির হয়। সেটির ভেতরেই কেবল মেসির সামান্য ঝলক দেখতে পান ভক্তরা।
আর্জেন্টিনা অধিনায়কের সঙ্গে ছিলেন তার স্ত্রী আন্তোনেলা রোকুজ্জো এবং তাদের তিন সন্তান। উত্তর আমেরিকায় অনুষ্ঠিত পুরো বিশ্বকাপ জুড়েই তারা মেসির সঙ্গে ছিলেন।
রোজারিওতে মেসির জন্য অপেক্ষা করছিলেন তার ৬৮ বছর বয়সী বাবা হোর্হে মেসি। বিশ্বকাপ চলাকালে পরিবার জানিয়েছিল, তিনি একটি অঘোষিত অসুস্থতার চিকিৎসা নিচ্ছেন।
তারকার এক নজর দেখা পেতে ভক্তরা ভোর সাড়ে ৩টা থেকেই বিমানবন্দরে জড়ো হতে থাকেন। তাদের মধ্যে জাতীয় দলের জার্সি পরা দুটি ছোট মেয়ে স্বাগত জানানোর ব্যানার হাতে দাঁড়িয়ে ছিল, যার একটিতে লেখা ছিল, মেসি, তুমি একজন কিংবদন্তি। আমাদের হৃদয়ে আনন্দ এনে দেওয়ার জন্য ধন্যবাদ। পুরো দেশ তোমাকে ভালোবাসে।
চলতি মেজর লিগ সকার (এমএলএস) মৌসুমে যোগ দিতে মেসি জুলাইয়ের শেষ দিকে বা আগস্টের শুরুতে পুনরায় ইন্টার মায়ামিতে যোগ দেবেন বলে আশা করা হচ্ছে।
এদিকে আর্জেন্টিনার ২৬ সদস্যের বিশ্বকাপ দলে থাকা ১৫ ফুটবলার, প্রধান কোচ লিওনেল স্কালোনির নেতৃত্বে, সোমবার চার্টার্ড ফ্লাইটে বুয়েনস আইরেসের এজেইজা বিমানবন্দরে পৌঁছান।
রবিবার নিউ জার্সির ইস্ট রাদারফোর্ডে অনুষ্ঠিত বিশ্বকাপ ফাইনালে অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের একমাত্র গোলে স্পেনের কাছে ১-০ ব্যবধানে হারে আর্জেন্টিনা। এটি ছিল মেসির তৃতীয় বিশ্বকাপ ফাইনাল। এর আগে তিনি ২০১৪ ও ২০২২ সালের ফাইনাল খেলেছিলেন।
চলতি আসরে আট গোল করে গোল্ডেন বুটের দৌড়ে রানারআপ হন মেসি। ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পে ১০ গোল করে এই পুরস্কার জিতেছেন। বিশ্বকাপের সর্বকালের সর্বোচ্চ গোলদাতার তালিকায় ২২ গোল নিয়ে শীর্ষে আছেন এমবাপ্পে। ২১ গোল নিয়ে তার ঠিক পরেই রয়েছেন মেসি।
সূত্র: ইএসপিএন