কাসেমিরোর চোখে মেসি ‘ফুটবল ঈশ্বর’

ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়ার পর কাসেমিরো বেছে নিয়েছেন আমেরিকার মেজর লিগ সকারের দল ইন্টার মায়ামিকে। মেসির প্রশংসায় পঞ্চমুখ ব্রাজিলিয়ান তারকা।

৩৪ বছর বয়সী এই ব্রাজিলিয়ান মিডফিল্ডার মায়ামির ড্রেসিংরুমে পা রেখে সংবাদ সম্মেলনে  বলেছেন , ‘‘কোনও সন্দেহ নেই, আমি এখানে এসেছি সর্বকালের সেরা ফুটবলারের সঙ্গে একই জার্সিতে মাঠ মাতাতে।’’

মেসিকে কোনও রূপকের আড়ালে না রেখে তিনি সরাসরি বসালেন ফুটবলের সর্বোচ্চ আসনে।

তিনি বলেন, ‘‘আমার চোখে সে (মেসি) ফুটবলের ঈশ্বর। ক্লাসিকোতে সে আমাকে যতটা কষ্টে ফেলেছে, তাতে তার সঙ্গে খেলার স্বপ্ন দেখাটাই স্বাভাবিক ছিল। তাকে একা সামলানো অসম্ভব ছিল, সবসময় সতীর্থদের সহায়তা লাগতো। এখন সেই ঈশ্বরের পাশেই আমি দাঁড়িয়েছি। আমার কাজ একটাই—তাকে আরও জেতানো, তার ট্রফির শোকেসকে আরও ভারী করা।’

এর মধ্যেই সিএফ মনট্রিয়লের বিপক্ষে মায়ামির ১-০ গোলের জয় দিয়ে ক্লাবে অভিষেক হয়ে গেছে এই ব্রাজিলিয়ান তারকার।