‘খুব ভয়ে আছি, স্ত্রী-সন্তানকে টাকা পাঠাতে পারছি না’, বললেন বাফুফের বিদেশি কোচ

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) অনূর্ধ্ব ২০ ফুটবল দলের কোচ জেরার্ড জোন্স। যশোরে শামসুল হুদা একাডেমিতে দল নিয়ে তার নেতৃত্বে আবাসিক অনুশীলনে চলছে। এরইমধ্যে সোমবার (১০ আগস্ট) সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে বিস্ফোরক মন্তব্য করেছেন তিনি।

ব্রিটিশ এই কোচ নিজের ফেসবুক আইডি থেকে দেওয়া এক পোস্টে লিখেছেন, ‘খুব মন খারাপ লাগছে, বিষণ্ণ লাগছে। আমার পরিবার এবং নিজের নিরাপত্তা নিয়ে আমি চিন্তিত। ক্রমাগত ভুল বোঝাবুঝি বা অপ্রীতিকর পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে, আর আজও তেমনি আরেকটি কঠিন বাস্তবতা মেনে নিতে হলো।’

এরপরই তার কথা, ‘বেতনের অপেক্ষায় আছি। আমার কাছে কোনো টাকা নেই এবং আমার স্ত্রী ও সন্তানদের খাওয়ার জন্য টাকা পাঠাতে পারছি না। আমি আমার জীবনের জন্য শঙ্কিত এবং খুব ভয়ে আছি।’

উয়েফা ‘এ’ লাইসেন্সধারী ব্রিটিশ কোচ জেরার্ড জোন্সকে গত জুনেই নিয়োগ দিয়েছে বাফুফে। এরই মধ্যে তার এমন মন্তব্য নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। 

এ বিষয়ে জানতে চাইলে বাফুফের সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘কোচের বেতন তার অ্যাকাউন্টে আগেই চলে গেছে। ট্যাক্সের নিয়ম কানুনের কারণে ওর বেতন স্ত্রীর কাছে পাঠাতে সময় লাগে। এখন ফেসবুকে কেন এসব লিখলো, বোধগম্য নয়। এছাড়া নিরাপত্তার বিষয়টি আমরা জানি না। এখানে তো কোনও সমস্যা নেই। তারপরও আমরা বিষয়টি দেখছি।’

খোঁজ নিয়ে জানা গেছে, বেতনের টাকা দেশে পাঠানোর প্রক্রিয়া সম্পন্ন করতে কোচ জেরার্ড জোন্স এখন ঢাকায় অবস্থান করছেন।