ফিফা সভাপতির প্রস্তাবিত বিশ্বকাপের স্বত্ব বিক্রি এবং ‘ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ’ প্রকল্পে বাংলাদেশ আগাম কোনো সমর্থন জানায়নি বলে নিশ্চিত করেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল।
উয়েফার জোরালো ভূমিকা এবং আন্তর্জাতিক মহলে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা হওয়ায় বাফুফে সরকার ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করেই ভবিষ্যতে এ বিষয়ে নিজেদের আনুষ্ঠানিক অবস্থান জানাবে বলে জানিয়েছেন তাবিথ।
সম্প্রতি একটি আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে দাবি করা হয়, ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর প্রস্তাবকে সমর্থন করেছে বাংলাদেশ।
এই খবর নাকচ করে বাফুফে সভাপতি জানান, ফেডারেশনের যেকোনো সিদ্ধান্ত নির্বাহী কমিটির (ইসি) আলোচনার পর চূড়ান্ত করা হয় এবং এরপর তা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়।
বাফুফে ভবনে তাবিথ আউয়াল বলেন, ‘আমরা কোনও অগ্রীম সমর্থন জানায়নি। কোনো ব্যক্তির জন্য দেইনি, কোনো প্রতিষ্ঠানের পক্ষেও দেইনি। ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ নামের যে প্রোগ্রামটি নিয়ে মেম্বার অ্যাসোসিয়েশনগুলোর মতামত চাওয়া হয়েছিল, আমাদের ইসি তা বিবেচনা করার আগেই ফিফা সেটি বাতিল ঘোষণা করেছে।’
এই প্রকল্পের আওতায় বিশ্বকাপের ২০ শতাংশ মালিকানা একটি বেসরকারি প্রতিষ্ঠানকে দেওয়ার প্রস্তাব ছিল। এর বিনিময়ে প্রতিটি সদস্য অ্যাসোসিয়েশন ভবিষ্যতে সর্বোচ্চ ৪০ মিলিয়ন ডলার পর্যন্ত পাওয়ার সুযোগ পেত। বর্তমানে ফিফা ফরোয়ার্ড কর্মসূচির আওতায় সদস্য অ্যাসোসিয়েশনগুলো সর্বোচ্চ ১০ মিলিয়ন ডলার পেয়ে থাকে।
তবে প্রকল্পটি বাতিল হলেও ফিফার ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে বিতর্ক এখনো রয়েছে। এ প্রসঙ্গে বাফুফে সভাপতি বলেন, ‘ইস্যুটায় উয়েফার একটি শক্ত ভূমিকার কারণে জিওপলিটিক্যাল রূপ নিচ্ছে। এ কারণে আমি মনে করি ইসিসহ আমাদের ক্রীড়া মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথেও কথা বলতে হবে। সার্বিক বিষয়ে আলাপ করেই আমরা ভবিষ্যতে আমাদের অবস্থান জানাবো।’









