‘বিনয় নিয়ে বলছি, বার্সেলোনাই বিশ্বের সেরা ফুটবল খেলছে’

জয়ের ধারাবাহিকতা, গোলের বন্যা আর মাঠের দৃষ্টিনন্দন ফুটবল মিলিয়ে দুর্দান্ত ছন্দে বার্সেলোনা। হান্সি ফ্লিকের অধীনে একের পর এক সাফল্যে উচ্ছ্বসিত ক্লাব সভাপতি হোয়ান লাপোর্তা। তার দাবি, এই মুহূর্তে ইউরোপ ও বিশ্বের সেরা ফুটবল খেলছে কাতালান ক্লাবটি।

ইউরোপীয় ফুটবলে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ৯ ম্যাচে জিতেছে ফ্লিকের দল। রাফিনহা-লামিনে ইয়ামালদের পারফরম্যান্সে মুগ্ধ লাপোর্তা। চ্যাম্পিয়ন্স লিগে গ্যালাতাসারাইয়ের মুখোমুখি হওয়ার আগে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে বার্সেলোনা সভাপতি প্রশংসা করেছেন পিএসজি ও বায়ার্ন মিউনিখেরও। তবে মাঠের ফুটবলের মান এবং দর্শকদের বিনোদন দেওয়ার ক্ষেত্রে নিজের দলকেই এগিয়ে রেখেছেন তিনি।

লাপোর্তা বলেন, ‘সব বিনয় নিয়েই বলছি, বার্সেলোনা ইউরোপ ও বিশ্বের সেরা ফুটবল খেলছে। পিএসজি বা বায়ার্ন মিউনিখের মতো আরও ভালো দল আছে। তারাও বিভিন্ন প্রতিযোগিতা জয়ের দাবিদার।’

তবে ফুটবলে অপ্রত্যাশিত ঘটনা ঘটতে পারে বলেও সতর্ক লাপোর্তা। তিনি বলেন, ‘মাঝেমধ্যে অপ্রত্যাশিত কিছু ঘটে যায়। সে জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে। তবে ফুটবলের মানের দিক থেকে আমরাই সেরা খেলছি, দর্শকদের বিনোদন দিচ্ছি। ফুটবলপ্রেমী ও বার্সেলোনার সমর্থকেরা যেন খেলা উপভোগ করেন, আমরা তা নিশ্চিত করি। আমরা এমন ফুটবল খেলি, যা মানুষ ভালোবাসে।’

ফ্লিকের অধীনে বার্সেলোনার আক্রমণভাগও আছে দুর্দান্ত ছন্দে। চলতি মৌসুমে এখন পর্যন্ত সব প্রতিযোগিতা মিলিয়ে ৯ ম্যাচে ৩৯ গোল করেছে দলটি। বিপরীতে গোল হজম করেছে মাত্র আটটি। অর্থাৎ প্রতি ম্যাচে গড়ে ৪.৩৩ গোল করেছে কাতালানরা। সর্বশেষ ম্যাচে গেতাফেকে ৩-০ গোলে হারিয়েছে তারা।

দলের এই সাফল্যের পেছনে কোচ ফ্লিক ও ক্রীড়া পরিচালক দেকোর সমন্বয়কে গুরুত্বপূর্ণ মনে করেন লাপোর্তা। তার মতে, দলের মধ্যে সুস্থ প্রতিদ্বন্দ্বিতা, ঐক্য ও উচ্চাকাঙ্ক্ষা ধরে রাখতে পেরেছেন তারা।

লাপোর্তা বলেন, ‘দলের পরিবেশ ও ঐক্যই সবকিছুর মূল। ফ্লিক ও তার দল, দেকো ও তার দল;  সবাই মিলে এটা অর্জন করেছে। দেকো ও ফ্লিকের সমন্বয় ভালোভাবে কাজ করছে। দলের মধ্যে ভালো পরিবেশ ও উচ্চাকাঙ্ক্ষা আছে। যে খেলছে, সে ভালো করছে। আর যারা খেলতে পারছে না, তারা যারা খেলছে, তাদের ছাড়িয়ে যাওয়ার চেষ্টা করছে।’

গ্যালাতাসারাইয়ের বিপক্ষে ম্যাচ নিয়েও আশাবাদী বার্সেলোনা সভাপতি। চ্যাম্পিয়ন্স লিগকে বিশ্বের সেরা ক্লাব প্রতিযোগিতা উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা খুব ভালো ছন্দ নিয়ে এই ম্যাচে আসছি। গতকালের অনুশীলন ছিল খুবই তীব্র। খেলোয়াড়েরা দারুণ অনুপ্রাণিত। ম্যাচটি নিয়ে আমাদের ভালো অনুভূতি হচ্ছে।’

তবে ম্যাচের আগে বার্সেলোনার জন্য দুশ্চিন্তার কারণ রাফিনহার চোট। ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ডকে পাওয়া যাবে না। চলতি মৌসুমে আট ম্যাচে ১৪ গোল করা রাফিনিয়ার অনুপস্থিতি আক্রমণভাগে বড় প্রভাব ফেলতে পারে।