বার্সেলোনার হয়ে বিদায় নেওয়ার জন্য মেসি এখনও সমর্থকদের সামনে হাজির না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন ক্লাবের সাবেক সভাপতি হোয়ান গাসপার্ট।
আর্জেন্টাইন মহাতারকার উদ্দেশ্যে গাসপার্ট বলেছেন, ‘তিনি নিজেকে কী মনে করেন?’ একটি পডকাস্টে মেসিকে নিয়ে কথা বলতে গিয়ে এমন মন্তব্য করেন বার্সেলোনায় ২০০০ থেকে ২০০৩ সাল পর্যন্ত দায়িত্বে থাকা গাসপার্ট। মেসি যখন ১৩ বছর বয়সে বার্সেলোনায় যোগ দেন, তখন ক্লাবটির সভাপতি ছিলেন তিনি।
মেসির ফুটবল সামর্থ্য নিয়ে অবশ্য কোনও প্রশ্ন নেই গাসপার্টের। তার চোখে মেসিই বিশ্বের সেরা ফুটবলার। তবে বার্সেলোনার চেয়ে কোনও খেলোয়াড় বড় নন বলেই মনে করেন সাবেক এই সভাপতি। গাসপার্ট বলেন, ‘ফুটবলার হিসেবে লিওকে নিয়ে কোনও বিতর্ক নেই। সে বিশ্বের সেরা। তবে একটা কথা ভুলে গেলে চলবে না, বার্সেলোনা তার চেয়ে বড়। এ বিষয়ে তার সতর্ক থাকা উচিত।’
মেসির প্রতি নিজের গভীর ভালোবাসার কথাও উল্লেখ করেছেন গাসপার্ট। তার ভাষায়, ‘আমি এই কথা বলছি এমন একজন খেলোয়াড়কে নিয়ে, যাকে আমি ১৩ বছর বয়সে বার্সেলোনায় এনেছিলাম। তখন আমিই ক্লাবের সভাপতি ছিলাম। সে বিশ্বের সেরা খেলোয়াড়। তবে বার্সেলোনার কারণেও সে এই পর্যায়ে পৌঁছেছে। কতটা অবদান, তা বলতে চাই না। কিন্তু বিষয়টি ভুলে গেলে চলবে না।’
বার্সেলোনার হয়ে মেসি জিতেছেন চারটি চ্যাম্পিয়ন্স লিগ, তিনটি ক্লাব বিশ্বকাপসহ মোট ৩৫টি শিরোপা। ব্যক্তিগতভাবে জিতেছেন ৮টি ব্যালন ডি’অর।
বার্সেলোনার হয়ে মেসির বিদায়ী সংবর্ধনা আয়োজনের বিষয়টি নিয়েও কথা বলেছেন গাসপার্ট। তার মতে, ক্লাবের বর্তমান সভাপতি হোয়ান লাপোর্তা থাকুন বা না থাকুন, মেসির উচিত সমর্থকদের বিদায় জানাতে বার্সেলোনায় আসা।
গাসপার্ট বলেন, ‘আমি হয়তো এখনও তাকে কিছুটা সময় দিচ্ছি। কিন্তু একসময় বিষয়টি আমাকে বিরক্ত করতে শুরু করবে। আমার খারাপ লাগে যে, সে বার্সেলোনায় এসে সমর্থকদের বিদায় জানাচ্ছে না। সভাপতি যে-ই থাকুন, সে বার্সেলোনায় আসুক এবং বিদায় জানাক।’
এরপরই লাপোর্তার প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘মেসি আসুক, বার্সেলোনাকে বিদায় জানাক। সেদিন লাপোর্তাকেই সভাপতি থাকতে হবে, এমন নয়। আর লাপোর্তা সভাপতি না থাকলে যেদিন মেসির সংবর্ধনা হবে, আমি সেদিন সেখানে যাবো না।’