মাবিদার ওভারহেড কিকে মোহামেডানকে রুখে দিয়েছে পিডাব্লিউডি

জয়ের পথেই ছিল মোহামেডান স্পোর্টিং ক্লাব। সুলেমান দিয়াবাতের গোলে এগিয়ে থেকে তিন পয়েন্টের স্বপ্ন দেখছিল সাদা-কালোরা। কিন্তু সেই স্বপ্ন ভেঙে দিয়েছেন পিডাব্লিউডির ক্যামেরুনিয়ান ফরোয়ার্ড ইয়োহান মাবিদা। তার দৃষ্টিনন্দন ওভারহেড কিকে সমতায় ফেরে পিডাব্লিউডি। শেষ পর্যন্ত ফেডারেশন কাপের ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে।

মঙ্গলবার মুন্সিগঞ্জের শহীদ বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে মোহামেডান। প্রথমার্ধে প্রতিপক্ষের গোলমুখে একের পর এক আক্রমণ করেও গোলের দেখা পায়নি সান্তিয়াগো ভারেলার দল। লক্ষ্যে ছয়টি শট নিয়েও পিডাব্লিউডির রক্ষণ ভাঙতে পারেনি তারা। গোলশূন্য সমতায় বিরতিতে যায় দুই দল।

দ্বিতীয়ার্ধে অবশ্য গোল পেতে বেশি অপেক্ষা করতে হয়নি মোহামেডানকে। ৬১ মিনিটে ফয়সাল আহমেদের ডান দিক থেকে বাড়ানো পাস বক্সের মধ্যে পেয়ে নিখুঁত শটে বল জালে পাঠান দিয়াবাতে। তার গোলে এগিয়ে গিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করে সাদা-কালোরা।

তবে সেই লিড ধরে রাখতে পারেনি তারা। ৭৬ মিনিটে দুর্দান্ত ওভারহেড কিকে পিডাব্লিউডিকে সমতায় ফেরান মাবিদা। দৃষ্টিনন্দন সেই গোলে ম্যাচে ফেরে পিডাব্লিউডি, আর জয়ের জন্য মোহামেডানের অপেক্ষাও দীর্ঘ হয়।

সমতা ফেরার পর বাকি সময়ে আক্রমণের গতি বাড়িয়ে জয়সূচক গোলের চেষ্টা করে মোহামেডান। কিন্তু আর জালের দেখা পায়নি তারা। শেষ পর্যন্ত এক পয়েন্ট নিয়েই মাঠ ছাড়তে হয়েছে দুই দলকে।

দিনের অন্য ম্যাচে সিটি ক্লাবকে ২-০ গোলে হারিয়েছে বসুন্ধরা কিংস। আরামবাগ ও ঢাকা ওয়ান্ডারার্সের ম্যাচটি শেষ হয়েছে ২-২ গোলে ড্রয়ে।

তিন ম্যাচে ছয় পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষে রয়েছে বসুন্ধরা কিংস। এক ম্যাচ কম খেলে চার পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে মোহামেডান।