এশিয়ান কাপ অনূর্ধ্ব-১৭ বাছাইপর্বের শুরুটা ভালো হলো না বাংলাদেশের। প্রথম ম্যাচেই সিরিয়ার কাছে ৫-১ গোলের বড় ব্যবধানে হেরেছে লোডভিক ডি ক্রুইফের দল।
সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হচ্ছে ‘সি’ গ্রুপের খেলা। এই গ্রুপে বাংলাদেশের অন্য প্রতিপক্ষ স্বাগতিক সংযুক্ত আরব আমিরাত, ম্যাকাও ও ভুটান। প্রথম ম্যাচে সিরিয়ার বিপক্ষে বড় ব্যবধানে হেরে শুরুতেই চাপে পড়েছে বাংলাদেশ।
এবারের বাছাইপর্বে সাত গ্রুপের চ্যাম্পিয়ন দল আগামী বছর উজবেকিস্তানে অনুষ্ঠিতব্য মূল পর্বে খেলার সুযোগ পাবে। ফলে প্রথম ম্যাচে হারের পর বাংলাদেশের জন্য গ্রুপসেরা হওয়ার পথ কঠিন হয়ে গেলো।
অবশ্য বাছাইপর্বের আগে প্রস্তুতিতে কমতি রাখেনি বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। টুর্নামেন্টের আগে দলকে জর্ডানে পাঠানো হয়েছিল। সেখানে একাধিক প্রস্তুতি ম্যাচ খেলেছে এই বয়সভিত্তিক দল। সিনিয়র জাতীয় দলের ডাচ কোচ লোডভিক ডি ক্রুইফকে দেওয়া হয়েছে এই দলের দায়িত্ব। কিন্তু এত প্রস্তুতির পরও প্রথম ম্যাচে বড় হার দেখেছে তারা!