হামজা চৌধুরী যোগ দিলে দলের খেলার ধরন ও গতি বদলে যাবে: ইব্রাহিম 

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৬ নভেম্বর ২০২৬, ২০:২৫ আপডেট : ০৬ নভেম্বর ২০২৬, ২০:২৫

দীর্ঘদিন জাতীয় দলের আসা-যাওয়ার মধ্যে ছিলেন। কখনও দলে থেকেও নিয়মিত খেলার সুযোগ পাননি। ক্যারিয়ারের সেই কঠিন সময়গুলো পেছনে ফেলে সাফ চ্যাম্পিয়নশিপে ভুটানের বিপক্ষে জয়সূচক গোল করে বাংলাদেশকে জেতানোর পর আবেগ ধরে রাখতে পারেননি ইব্রাহিম। ম্যাচ শেষে চোখের জলও ফেলেছেন। কেন কেঁদেছিলেন, সেই ব্যাখ্যাও দিয়েছেন এই ফরোয়ার্ড।

ইব্রাহিম বলেছেন, গোল করার পরই মনে পড়ছিল তার ক্যারিয়ারের কঠিন সময়গুলোর কথা। তিনি বলেন, ‘অনেক দিন ধরে আমি দলের মধ্যে আসা-যাওয়ার মধ্যে ছিলাম। মাঝে মধ্যে দলে থাকলেও খেলতে পারতাম না। আসলে গোল করার পর ওই খারাপ মুহূর্তগুলো বেশি মনে পড়ছিল। জীবনের কঠিন সময়গুলোর কথা তখন বারবার মনে হচ্ছিল।’

ম্যাচে শুরুতে একাদশে ছিলেন না ইব্রাহিম। বেঞ্চে বসে সতীর্থদের একের পর এক সুযোগ নষ্ট করতে দেখেছেন। তখন কি মনে হয়েছিল, মাঠে থাকলে হয়তো গোল করতে পারতেন? এমন প্রশ্নে ইব্রাহিম জানালেন, সুযোগের অপেক্ষাতেই ছিলেন তিনি।

তার কথা, ‘গোল করার জন্য কিছু মুহূর্ত দরকার হয়। সেগুলো আগে থেকেই বুঝতে হয়। দেখছিলাম, আমাদের ডি-বক্সে বল যাচ্ছে, কিন্তু ফিনিশিং হচ্ছে না। আমার লক্ষ্য ছিল, আমি যদি ওই জায়গায় থাকি, তাহলে এক-দুটি বল পাব। সেগুলো ভালোভাবে ফিনিশ করতে পারলে আল্লাহর রহমতে গোল করতে পারবো। আমি আসলে বল রিড করার চেষ্টা করছিলাম, কখন বলটা আমার কাছে আসবে।’

ম্যাচে আক্রমণাত্মক মিডফিল্ডার হিসেবে খেললেও গোলের সময় বক্সে উপস্থিত ছিলেন ইব্রাহিম। সেটি কি স্বাভাবিক স্ট্রাইকারসুলভ প্রবণতা? তার ব্যাখ্যা, কোচের নির্দেশনাই অনুসরণ করেছেন।

ইব্রাহিম বলেন, ‘কোচ আমাকে বলেছিলেন, শমিতকে নাম্বার টেন থেকে নাম্বার নাইনে দিতে। শমিত যখন বলের সঙ্গে সংযোগ করতে যায়, তখন দেখি তার পেছনে একটা জায়গা খালি আছে। আমি ওই জায়গাতেই দৌড় দিয়েছি। নামার আগেই কোচ বলেছিলেন, ডি-বক্সের আশপাশে থাকতে, যাতে বল পেলে শট নিতে পারি।’

গোলের আনন্দের পাশাপাশি সামনে আরও গোল করার প্রত্যাশাও রয়েছে তার। সাফে শ্রীলঙ্কার বিপক্ষে আগেও গোল করেছেন। এবার সেমিফাইনালে সম্ভাব্য প্রতিপক্ষ ভারত কিংবা মালদ্বীপ। ফরোয়ার্ড হিসেবে যেকোনও সুযোগ কাজে লাগাতে চান ইব্রাহিম।

তার ভাষায়, ‘ফরোয়ার্ড লাইনের খেলোয়াড় হিসেবে সব সময় চাইব দলের জয়ে অবদান রাখতে। সুযোগ পেলে গোল করা অথবা গোল করানো—যেকোনও একভাবে দলকে সাহায্য করতে চাই। তবে আমাদের লক্ষ্য প্রতিপক্ষ কে, সেটা নয়। আমরা ম্যাচ বাই ম্যাচ এগোব। ভারত হলে কোচ যেভাবে নির্দেশনা দেবেন, সেভাবে খেলবো। মালদ্বীপ হলেও একইভাবে পরিকল্পনা করবো।’

এদিকে জাতীয় দলে হামজা চৌধুরী যোগ দিলে দলের খেলার ধরন ও গতি বদলে যাবে বলে মনে করেন ইব্রাহিম। তার মতে, হামজার উপস্থিতি দলের জন্য ইতিবাচক হবে। তবে আগের ম্যাচের ভুলত্রুটি নিয়ে কাজ করতে হলে আগে ভিডিও বিশ্লেষণ প্রয়োজন।

ইব্রাহিম বলেন, ‘হামজা ভাই অবশ্যই দলের মোমেন্টাম বদলে দেবেন। আর গত ম্যাচে আমাদের যে ভুলত্রুটি ছিল, কোচ এখনও ভিডিও বিশ্লেষণ করেননি। বিশ্লেষণের পর বুঝতে পারবো কোথায় ভুল হয়েছে। সেগুলো নিয়ে পরবর্তী ম্যাচের আগে কাজ করবো।’

এশিয়ান কাপে যাওয়ার সুযোগ না পাওয়ার আক্ষেপও রয়েছে ইব্রাহিমের। তবে সেটিকে পেছনে ফেলে ক্লাবের হয়ে ভালো খেলার চেষ্টা করেছেন তিনি। জাতীয় দলে সুযোগ পেলে সেটির সদ্ব্যবহার করতে চান।

ইব্রাহিম বলেন, ‘এশিয়ান কাপে বাদ পড়ায় অবশ্যই খারাপ লেগেছে। তবে এটা কোচের সিদ্ধান্ত। সবশেষ সিদ্ধান্ত কোচই নেন। সামনে সাফ ছিল, তাই চেষ্টা করেছি ক্লাবে ভালো খেলতে। ভালো করতে পারলে অবশ্যই জাতীয় দলে সুযোগ পাব। আর সুযোগ পেলে সেটার সৎ ব্যবহার করবো।’

জাতীয় দলে নিয়মিত একজন স্বীকৃত নাম্বার নাইন না থাকায় তাকে স্ট্রাইকার হিসেবে খেলানোর সম্ভাবনা নিয়েও প্রশ্ন উঠেছে। ইব্রাহিম জানালেন, কোচ যে পজিশনেই খেলান, তিনি প্রস্তুত।

‘ফরোয়ার্ড লাইনে সুযোগ পেলে আমি সব সময় প্রস্তুত। যেকোনো পজিশনে খেলতে আমার আপত্তি নেই।’

এদিকে শ্রীলঙ্কার বিপক্ষে পরবর্তী ম্যাচের পরিকল্পনা নিয়ে এখনও বিস্তারিত আলোচনা হয়নি বলে জানিয়েছেন ইব্রাহিম। আগের ম্যাচের ভিডিও বিশ্লেষণের পরই পরবর্তী পরিকল্পনা চূড়ান্ত হবে। 

/টিএ/আইএএম/
সম্পর্কিত
ইব্রাহিমের প্রশংসায় ডুলি, বললেন বিশ্বনাথের নতুন ভূমিকা নিয়েও
সাফ চ্যাম্পিয়নশিপ বদলি নেমে দুই মিনিটেই গোল, বাংলাদেশকে জেতালেন ইব্রাহিম
সাফ চ্যাম্পিয়নশিপ সব হিসাবেই ভুটানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
সর্বশেষ খবর
আবারও ডাচ দলে ডি ইয়ং
আবারও ডাচ দলে ডি ইয়ং
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
কাশ্মীরে সংকটের মুখে ‘লাল সোনা’ খ্যাত জাফরান
কাশ্মীরে সংকটের মুখে ‘লাল সোনা’ খ্যাত জাফরান
এল নিনোর পর লা নিনা এলে বিশ্বজুড়ে আবহাওয়ায় কী ঘটবে?
এল নিনোর পর লা নিনা এলে বিশ্বজুড়ে আবহাওয়ায় কী ঘটবে?
সর্বাধিক পঠিত
সঞ্চয়পত্রের মুনাফায় সংসার চলে যাদের, তাদের জন্য সুখবর নাকি দুঃসংবাদ?
সঞ্চয়পত্রের মুনাফায় সংসার চলে যাদের, তাদের জন্য সুখবর নাকি দুঃসংবাদ?
প্রথমদিন সেন্টমার্টিনে ৮৩৭ পর্যটক, যেতে খরচ লাগে কত
প্রথমদিন সেন্টমার্টিনে ৮৩৭ পর্যটক, যেতে খরচ লাগে কত
গাজীপুর সাফারি পার্কে জন্ম নিয়েছে নীলগাইয়ের চার শাবক
গাজীপুর সাফারি পার্কে জন্ম নিয়েছে নীলগাইয়ের চার শাবক
কেন ভারতের এই গ্রামটিকে বলা হয় ‘মিলিয়নিয়ার ভিলেজ’
কেন ভারতের এই গ্রামটিকে বলা হয় ‘মিলিয়নিয়ার ভিলেজ’
প্রতিদ্বন্দ্বী নাকি সহকর্মী, একসঙ্গে কয়টি সিনেমা করেছেন মৌসুমী-শাবনূর
প্রতিদ্বন্দ্বী নাকি সহকর্মী, একসঙ্গে কয়টি সিনেমা করেছেন মৌসুমী-শাবনূর