প্রিমিয়ার লিগে বাজে শুরুর খেসারত, চাকরি হারালেন ক্যারিক

প্রিমিয়ার লিগে দুঃসময় যেন কাটছেই না ম্যানচেস্টার ইউনাইটেডের। চলতি মৌসুমে লিগে ক্লাবের ইতিহাসের সবচেয়ে বাজে শুরুর পর কোচ মাইকেল ক্যারিককে ছাঁটাই করেছে ইংলিশ ক্লাবটি। তার জায়গায় যুক্তরাষ্ট্র জাতীয় দলের কোচ মরিসিও পচেত্তিনোকে দায়িত্ব দেওয়ার জোর গুঞ্জন চলছে।

সাবেক এই ইউনাইটেড মিডফিল্ডার গত মৌসুমে দলকে প্রিমিয়ার লিগে তৃতীয় স্থানে নিয়ে গিয়েছিলেন। কিন্তু চলতি মৌসুমে ১০ ম্যাচে মাত্র ৮ পয়েন্ট পেয়েছে তার দল। তলানির দিক থেকে প্রথমে থাকা দলটি এখন অবনমন অঞ্চলে।

বৃহস্পতিবার এক বিবৃতিতে ম্যানচেস্টার ইউনাইটেড জানিয়েছে, ‘প্রধান কোচের দায়িত্ব থেকে মাইকেল ক্যারিকের বিদায়ের বিষয়টি নিশ্চিত করছে ম্যানচেস্টার ইউনাইটেড।’

বিবৃতিতে আরও বলা হয়, ‘জানুয়ারিতে ক্লাবে ফিরে ক্যারিক ২০২৫-২৬ মৌসুমের বাকি ১৭ ম্যাচের ১২টিতে জয় এনে দলকে প্রিমিয়ার লিগে তৃতীয় স্থানে পৌঁছে দেন। ওই সময়ে লিগের অন্য যেকোনো দলের চেয়ে বেশি পয়েন্টও অর্জন করে ইউনাইটেড। তবে মৌসুমের হতাশাজনক শুরুর পর নিজেদের লক্ষ্য অর্জনে পরিবর্তন প্রয়োজন বলে কঠিন সিদ্ধান্ত নিয়েছে ক্লাব।’

রবিবার অ্যাস্টন ভিলার বিপক্ষে ৪-৪ গোলে নাটকীয় ড্র ছিল ক্যারিকের অধীনে শেষ ম্যাচ। ওই ম্যাচের পর তিনি জানিয়েছিলেন, নিজে থেকে দায়িত্ব ছাড়বেন না। কিন্তু সব প্রতিযোগিতা মিলিয়ে ১৫ ম্যাচে মাত্র তিন জয় পাওয়ার পর মৌসুম বাঁচাতে শেষ পর্যন্ত কোচ পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে ইউনাইটেড কর্তৃপক্ষ।

জানা গেছে, বুধবার মোনাকোয় এক বৈঠকে ক্যারিকের ভবিষ্যৎ নির্ধারণ করা হয়। বৈঠকে উপস্থিত ছিলেন ক্লাবের অন্যতম মালিক জিম র‍্যাটক্লিফ, প্রধান নির্বাহী ওমর বেরাদা ও ফুটবল পরিচালক জেসন উইলকক্স।

১৩ বছর আগে অ্যালেক্স ফার্গুসন অবসরে যাওয়ার পর থেকে আর ঘুরে দাঁড়াতে পারেনি ম্যানচেস্টার ইউনাইটেড। স্কটিশ কিংবদন্তির বিদায়ের পর প্রিমিয়ার লিগের শিরোপাও জিততে পারেনি তারা। একসময় ইংলিশ ফুটবলে আধিপত্য বিস্তার করা দলটিকে এরই মধ্যে ছাড়িয়ে গেছে ম্যানচেস্টার সিটি, লিভারপুল ও আর্সেনাল।