আবাহনী ক্রীড়া চক্রের জার্সিতে দীর্ঘদিন খেলেছেন শ্রীলঙ্কার সাবেক ডিফেন্ডার পাকির আলী। খেলোয়াড়ি জীবন শেষে ঢাকার একাধিক ক্লাবে কোচিংও করিয়েছেন তিনি। একসময় দায়িত্ব পালন করেছেন শ্রীলঙ্কা জাতীয় দলের ডাগআউটেও। বাংলাদেশের ফুটবল সম্পর্কে দীর্ঘদিনের অভিজ্ঞতা ও জানাশোনা রয়েছে তার। সেই পাকির আলীই এবার শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের ৪-০ গোলের জয় দেখে বিস্মিত। তার বিশ্বাস, এমন পারফরম্যান্স ধরে রাখতে পারলে সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ চ্যাম্পিয়ন হলেও অবাক হওয়ার কিছু থাকবে না।
বুধবার কলম্বোয় নিজের বাসায় টেলিভিশনের সামনে বসে বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ দেখছিলেন পাকির আলী। প্রত্যাশা ছিল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটি ম্যাচ দেখার। অন্তত তার দেশ ড্র করবে, সেমিফাইনালে খেলবে- এমনটাই আশা করেছিলেন। কিন্তু খেলা শেষে শ্রীলঙ্কার পারফরম্যান্স হতাশ করেছে তাকে। অন্যদিকে বাংলাদেশের দাপুটে ফুটবল রীতিমতো বিস্মিত করেছে ৭৩ বছর বয়সী সাবেক এই ফুটবলারকে। শ্রীলঙ্কাকে উড়িয়ে দেওয়ার পর বাংলাদেশের প্রশংসায় পঞ্চমুখ তিনি।
ম্যাচের আগে বাংলাদেশ শ্রীলঙ্কাকে চার গোলে হারাবে, এমন ফল একেবারেই প্রত্যাশা করেননি পাকির আলী। তার কাছে পুরো বিষয়টিই ছিল অবিশ্বাস্য। শুরু থেকে শেষ পর্যন্ত বাংলাদেশ যেভাবে একই ছন্দে খেলেছে, তাতে মুগ্ধ হয়েছেন। হামজা, শমিত, ফারহান আলী ও রাকিবের গোলগুলোও তার চোখে ছিল দারুণ।
বাংলাদেশ দলের পারফরম্যান্স নিয়ে নিজের মুগ্ধতার কথা জানিয়ে কলম্বো থেকে বাংলা ট্রিবিউনকে পাকির আলী বলেছেন, ‘হামজা এই মুহূর্তে বাংলাদেশের সেরা খেলোয়াড়। তার সামর্থ্য নিয়ে নতুন করে কিছু বলার নেই। তবে ফারহান আলীর গোলটি বিশেষভাবে নজর কেড়েছে। বাংলাদেশের ফুটবলে এমন গোল কবে দেখেছি, তা স্মৃতি হাতড়ে মনে করা কঠিন। সব মিলিয়ে সবাই দারুণ খেলেছে।’
তবে কয়েকজনকে কাটিয়ে ফারহানের মেসি-স্টাইলে গোল করার দৃশ্য পাকির আলীকে মনে করিয়ে দিয়েছে বাংলাদেশের সাবেক তারকা উইঙ্গার আশরাফ উদ্দিন আহমেদ চুন্নুর কথা। আশির দশকে একই সঙ্গে আবাহনীতে খেলার স্মৃতি টেনে তিনি বলেন, ‘চুন্নু ভাই মাঝেমধ্যেই এ ধরনের গোল করতেন। ফারহানের গোলটি আমাকে সেই সময়ের কথাই কিছুটা মনে করিয়ে দিয়েছে।’
বাংলাদেশের সাম্প্রতিক পারফরম্যান্স দেখে সাফ চ্যাম্পিয়নশিপে দলটির শিরোপা জয়ের সম্ভাবনাও দেখছেন পাকির আলী। তার মতে, বাংলাদেশ যেভাবে খেলছে, তাতে ফাইনালে ওঠার পাশাপাশি চ্যাম্পিয়ন হলেও অবাক হওয়ার কিছু থাকবে না।
তবে শ্রীলঙ্কার এমন অসহায় আত্মসমর্পণে হতাশ হয়েছেন তিনি। বিশেষ করে দলে ১০ জন বংশোদ্ভূত খেলোয়াড় থাকার পরও এমন হার প্রত্যাশা করেননি। এশিয়ান কাপ ও সাম্প্রতিক প্রীতি ম্যাচগুলোতে শ্রীলঙ্কা ভালো ফুটবল খেলেছিল। সেই দল বাংলাদেশের বিপক্ষে চার গোল হজম করবে, তা তার কল্পনাতেও ছিল না।
শ্রীলঙ্কার ব্যর্থতার কারণ ব্যাখ্যা করতে গিয়ে পাকির আলী বলেছেন, ‘প্রথম গোল হজমের পর দলটি মানসিকভাবে কিছুটা ভেঙে পড়ে। বাংলাদেশের একের পর এক আক্রমণের চাপ সামলাতে না পেরে তারা পরবর্তী গোলগুলো হজম করেছে। এক-দুবার আক্রমণে যাওয়ার চেষ্টা করলেও সফল হতে পারেনি।’
তবে এই হার দিয়ে শ্রীলঙ্কাকে বিচার করতে চান না পাকির আলী। তার মতে, ফুটবলে খারাপ দিন আসতেই পারে। বাংলাদেশের বিপক্ষে হয়তো তেমনই একটি দিন গেছে শ্রীলঙ্কার। সামনে তারা ঘুরে দাঁড়াতে পারে বলেও আশাবাদী তিনি।
অন্যদিকে বাংলাদেশের জন্য শুভকামনা জানিয়েছেন পাকির আলী। তার বিশ্বাস, এই ছন্দ ধরে রাখতে পারলে সাফ চ্যাম্পিয়নশিপে ভালো কিছুই অপেক্ষা করছে বাংলাদেশের জন্য।
কাতার বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার যুক্তরাষ্ট্রের