মাত্র ২২ বছর বয়সে আর্জেন্টিনার শীর্ষ ফুটবল লিগে কোচ হিসেবে অভিষেক। এরপর মধ্য আমেরিকা, ক্যারিবীয় অঞ্চল থেকে এশিয়াসহ ২০টির বেশি দেশে কোচিং করিয়েছেন তিনি। দীর্ঘ কোচিং ক্যারিয়ারের শেষ অধ্যায় লিখেছেন ভারত মহাসাগরের দ্বীপরাষ্ট্র মালদ্বীপে। তিনি হচ্ছেন কার্লোস কাভাগনারো। ৮০ বছর বয়সী এই আর্জেন্টাইন কোচের সর্বকনিষ্ঠ কোচ হিসেবে গড়া রেকর্ড গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসেও পাঠানো হয়েছে।
সালটা ১৯৬৯ সালের ফেব্রুয়ারি। রিভার প্লেটের বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনোস জুনিয়র্স। তখন ডাগআউটে দলের দায়িত্বে ২২ বছর বয়সী এক তরুণ কার্লোস কাভাগনারো। আর্জেন্টিনার প্রথম বিভাগ ফুটবলের ইতিহাসে সবচেয়ে কম বয়সী কোচ হিসেবে সেদিন অভিষেক হয় তার। সেখান থেকেই শুরু বিচিত্র এক কোচিং ক্যারিয়ার। গুয়াতেমালা থেকে ফিলিপাইন, গ্রেনাডা থেকে মালদ্বীপ। ২০০৭ সালে মালদ্বীপেই শেষ হয় তার কোচিং জীবন।
১৯৪৬ সালের ৯ এপ্রিল নেকোচেয়ায় জন্ম কাভাগনারোর। ভেলেসের বয়সভিত্তিক দলে ফুটবলার হিসেবে বেড়ে উঠেছিলেন তিনি। কিন্তু গুরুতর চোটের কারণে খুব অল্প বয়সেই থেমে যায় খেলোয়াড়ি জীবন। সংবাদমাধ্যম ত্রিভেলার তথ্য অনুযায়ী, মাত্র ১৬ বছর বয়সেই মাঠে সহকারী হিসেবে কাজ শুরু করেন তিনি। রবার্তো সাবারা ও ভিক্তোরিও স্পিনেত্তোর সঙ্গে ছয় মৌসুম কাজ করেন। প্রতিপক্ষের খেলা পর্যবেক্ষণের দায়িত্বও তাকে দিয়েছিলেন এই দুই কোচ।
১৯৬৯ সালে কাভাগনারোকে কোচ হিসেবে নিয়োগ দেয় আর্জেন্টিনোস জুনিয়র্স। মেট্রোপলিতানো টুর্নামেন্টের প্রথম ম্যাচেই তার দলের প্রতিপক্ষ ছিল রিভার প্লেট। লা পাতের্নার দলটি ২-১ গোলে হেরে গেলেও ইতিহাস গড়েন কাভাগনারো। আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) তাকে পেশাদার প্রথম বিভাগে দল পরিচালনা করা সবচেয়ে কম বয়সী কোচ হিসেবে স্বীকৃতি দেয়। সেই মৌসুমে পয়েন্ট টেবিলের মাঝামাঝি অবস্থানে থেকে শেষ করে আর্জেন্টিনোস।
এরপর ফেরো, মেক্সিকোর পুমাস ও আটলান্তের কোচের দায়িত্ব পালন করেন তিনি। ১৯৭৬ সালে প্রথমবারের মতো জাতীয় দলের কোচিংয়ের সুযোগ পান। দায়িত্ব নেন গুয়াতেমালার। পরের বছর ফিরে যান নিজের পুরোনো ক্লাব ভেলেসে। সেখানে গড়ে তোলেন নিজের ক্যারিয়ারের সেরা দল, এমনটাই মনে করেন কাভাগনারো।
১৯৭৭ সালে মেট্রোপলিতানো ও নাসিওনাল মিলিয়ে রিভার প্লেটকে চারবার হারায় ভেলেস। মেট্রোপলিতানোতে রিভার ও ইন্দিপেন্দিয়েন্তের পেছনে থেকে তৃতীয় হয় তারা। টানা ৩৪ ম্যাচে দলের দায়িত্বে ছিলেন কাভাগনারো। সেই দলকে স্মরণ করে তিনি বলেছিলেন, ‘১৯৭৭ সালের ভেলেস ছিল আমার সেরা কাজ। তখন আমার বয়স ছিল ৩১ বছর।’ এরপর রেসিং ক্লাব ও ইউনিয়নের কোচের দায়িত্বও পালন করেন তিনি।
আশির দশকে তার কোচিং ক্যারিয়ার নেয় ভিন্ন এক মোড়। আবারও গুয়াতেমালার দায়িত্ব নেওয়ার পর পানামা, গ্রেনাডা, সেন্ট কিটস অ্যান্ড নেভিস ও ফিলিপাইনের জাতীয় দলের কোচ হন। ২০০০-এর দশকের মাঝামাঝি সময়ে এল সালভাদরের কোচ হিসেবেও কাজ করেন তিনি। ২০০১ সালে আর্জেন্টিনায় অনুষ্ঠিত যুব বিশ্বকাপে ব্রোঞ্জজয়ী মিসর অনূর্ধ্ব-২০ জাতীয় দলের সমন্বয়কের দায়িত্বেও ছিলেন কাভাগনারো।
২০০৭ সালের জানুয়ারিতে মালদ্বীপে চুক্তিবদ্ধ হওয়া প্রথম আর্জেন্টাইন কোচ হন তিনি। ভারতের দক্ষিণ-পশ্চিমে ভারত মহাসাগরে অবস্থিত দ্বীপরাষ্ট্রটির স্থানীয় এক ব্যবসায়ী তাকে ভিবি স্পোর্টস ক্লাবের দায়িত্বও দিয়েছিলেন। সেটিই ছিল কোনো দলের ডাগআউটে তার শেষ কাজ।
মাঠের বাইরেও বর্ণাঢ্য জীবন ছিল কাভাগনারোর। ১৯৭৮ বিশ্বকাপে টেলিভিশন ধারাভাষ্যকার হিসেবে কাজ করেন তিনি। রাতে বন্ধু, পাঁচবারের ফর্মুলা ওয়ান বিশ্বচ্যাম্পিয়ন হুয়ান ম্যানুয়েল ফাঞ্জিওর সঙ্গে বিভিন্ন দূতাবাসের নৈশভোজে অংশ নিতেন। ফাঞ্জিওর সঙ্গে কাটানো সময় নিয়ে কাভাগনারো বলেছিলেন, ‘এটা আমার জীবনের কয়েকটি বছর বাড়িয়ে দিয়েছে।’ ১৯৮৭ সালে তিনি প্রতিষ্ঠা করেন কাভাগনারো অ্যাকাডেমিক ইউনিট। প্রাথমিক থেকে উচ্চশিক্ষা পর্যন্ত বিভিন্ন স্তরের শিক্ষা কার্যক্রম রয়েছে প্রতিষ্ঠানটিতে।
এখন ৮০ বছর বয়সে নিজ শহর নেকোচেয়াতেই থাকেন কাভাগনারো। ২০২৬ সালে আবারও আলোচনায় এসেছে তার বর্ণাঢ্য ক্যারিয়ার। জুনে প্রকাশিত হয়েছে তার ভাতিজা ও মনোবিজ্ঞানী ইদেলার কাভাগনারোর লেখা বই ‘বিফোর অল’। একই সঙ্গে আর্জেন্টিনার প্রথম বিভাগের ইতিহাসে সর্বকনিষ্ঠ কোচ হওয়ার রেকর্ডটি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের কাছেও পাঠানো হয়েছে।