পাকিস্তানের হুঙ্কার: ‘হামজাকে নিয়ে ভাবছি না, বাংলাদেশকে হারিয়ে ফাইনাল লক্ষ্য’

বাংলাদেশের বিপক্ষে সাফ চ্যাম্পিয়নশিপের ম্যাচ সামনে রেখে পাকিস্তান শিবিরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। বাংলাদেশের দলে হামজা চৌধুরীর মতো তারকা ফুটবলার থাকলেও তাকে নিয়ে খুব একটা ভাবছেন না পাকিস্তানের গোলরক্ষক ইউসুফ বাট। বরং বাংলাদেশের অধিনায়ক জামাল ভূঁইয়ার বিপক্ষে খেলতে মুখিয়ে আছেন তিনি। জামালকে নিজের ভালো বন্ধু উল্লেখ করে ইউসুফ জানিয়েছেন, ব্যক্তির চেয়ে দলীয় পারফরম্যান্সই তার কাছে বেশি গুরুত্বপূর্ণ।

বাংলাদেশের দলে হামজা চৌধুরীকে নিয়ে আলোচনা থাকলেও পাকিস্তানেরও বেশ কয়েকজন ভালো মানের খেলোয়াড় আছেন বলে মনে করেন ইউসুফ। তিনি বলেন, ‘হামজা চৌধুরীকে নিয়ে অনেক কথা হচ্ছে। তবে আমাদেরও আবদুল্লাহ ইকবাল, ঈসা সুমন, আদিল নবী ও আবদুল আরশাদের মতো খেলোয়াড় আছে। তারা অসাধারণ খেলোয়াড়। তাই আমি নিশ্চয়তা দিতে পারি, আমাদের দলেও অসাধারণ খেলোয়াড় আছে।’

পাকিস্তানের প্রস্তুতি ভালো হয়েছে জানিয়ে এই গোলরক্ষক বলেন, ‘আমাদের আরও পাঁচ জন খেলোয়াড় আসছে, যারা ইনশাআল্লাহ মাঠে নেমে দলকে সাহায্য করতে পারবে। তবে সবকিছুই দলকে ঘিরে, কোনও একজন ব্যক্তিকে নিয়ে নয়। আমরা দল হিসেবে বাংলাদেশের বিপক্ষে নিজেদের সেরাটা দিতে চাই। আশা করি, সেটাই যথেষ্ট হবে।’

বাংলাদেশের বিপক্ষে ম্যাচ নিয়ে আত্মবিশ্বাসী ইউসুফ। তবে স্বাগতিক দর্শকদের চাপের বিষয়টিও মাথায় রাখছেন তিনি। ২০১৮ সালের বাংলাদেশ-পাকিস্তান ম্যাচের প্রসঙ্গ টেনে বলেন, ‘বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচগুলো সব সময়ই ভালো হয়। ২০১৮ সালে একটি আত্মঘাতী গোলে বাংলাদেশ খুব ভাগ্যবান ছিল। তবে ফুটবলে এমন হতেই পারে।’

এবারের ম্যাচে ভিএআর থাকায় স্বস্তি প্রকাশ করেছেন ইউসুফ। তার মতে, স্বাগতিক দলের মাঠে দর্শকদের চাপ অনেক সময় ম্যাচে প্রভাব ফেলতে পারে। ভিএআর সেই পরিস্থিতিতে সহায়ক ভূমিকা রাখবে। তিনি বলেন, ‘বাংলাদেশের দর্শকদের কাছ থেকে ভালো চাপ থাকবে, সেটা আমরা জানি। তবে ব্যক্তিগতভাবে আমি খুশি যে এবার ভিএআর থাকবে। এটি আমাদের জন্য বড় সহায়তা হবে বলে মনে করি। স্বাগতিক দল খেললে দর্শকদের চাপ থাকে। ভিএআর থাকায় বিষয়গুলো আরও কাঠামোবদ্ধ হবে।’

সাফ চ্যাম্পিয়নশিপকে পাকিস্তানের জন্য বছরের সবচেয়ে গুরুত্বপূর্ণ আসর হিসেবে দেখছেন ইউসুফ। শুধু এবারের প্রতিযোগিতা নয়, আগামী বছর বিশ্বকাপ বাছাইপর্বের প্রস্তুতির অংশ হিসেবেও সাফকে গুরুত্ব দিচ্ছেন তিনি।

ইউসুফের ভাষায়, ‘আমি সাফ কাপ খেলতে ভালোবাসি। আমাদের কাছে এটি বছরের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিযোগিতা। আগামী বছর ইনশাআল্লাহ বিশ্বকাপ বাছাইপর্বও আছে। তবে সাফ জেতা আমার এবং আমাদের দলের অন্যতম বড় লক্ষ্য। আশা করি, এবার আমরা ইতিহাস গড়তে পারব এবং শেষ পর্যন্ত শিরোপা জিততে পারবো।’