সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে পাকিস্তানের বিপক্ষে খেলতে পারবেন না চোট পাওয়া সাদ উদ্দিন। বাংলাদেশের রক্ষণভাগের গুরুত্বপূর্ণ এই খেলোয়াড়ের অনুপস্থিতি কিছুটা হলেও ভোগাবে দলকে। তবে সাদের বিকল্প হিসেবে যিনিই একাদশে আসবেন, তার ওপর আস্থা রাখছেন প্রধান কোচ টমাস ডুলি। একই সঙ্গে পাকিস্তানকে সমীহ করলেও ফাইনালে ওঠার ব্যাপারে আত্মবিশ্বাসী তিনি।
শনিবার (১৩ নভেম্বর) জাতীয় স্টেডিয়ামে পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। এই ম্যাচ সামনে রেখে সংবাদ সম্মেলনে সাদ উদ্দিনের অনুপস্থিতি নিয়ে প্রশ্নের মুখে পড়েন ডুলি। সাদের প্রশংসা করে তিনি বলেন, ‘বিষয়টি অবশ্যই আমাদের জন্য খুব দুঃখজনক। কারণ সাদ এমন একজন খেলোয়াড়, যে মাঠে নামলেই শতভাগ দেয়। এমনকি অনুশীলনেও সে নিজের সবটুকু উজাড় করে দেয়। ডান প্রান্তে সে খুব শক্তিশালী একজন ডিফেন্ডার ছিল। আক্রমণাত্মক মানসিকতা, রক্ষণ সামলানোর দক্ষতা এবং পরিশ্রম—সব দিক থেকেই সে গুরুত্বপূর্ণ। আগামীকাল তাকে অবশ্যই মিস করবো।’
বিকল্প হিসেবে ডুলি যা বললেন, ‘তবে অন্য একজন খেলোয়াড় দিয়ে এই ঘাটতি পূরণ করতে হবে। আমরা ভাবছি কে খেলবে। তবে যে-ই সুযোগ পাক, আমি নিশ্চিত সেও সাদের মতো খেলবে এবং দলকে সফল হতে সাহায্য করবে।’