দীর্ঘদিন পর আবাহনী-মোহামেডান, ফিরলো পুরোনো দিনের স্মৃতি

আবাহনী-মোহামেডান ম্যাচ হলেই একসময় অন্যরকম উত্তেজনা বিরাজ করতো। গ্যালারিভর্তি দর্শক, মাঠে টানটান লড়াই, আর দুই দলের সমর্থকদের আবেগ। সব মিলিয়ে বাংলাদেশের ফুটবলে ছিল আলাদা এক অধ্যায়। সময়ের সঙ্গে সেই উত্তাপ অনেকটাই ম্লান হয়েছে। তবে বৃহস্পতিবার ধানমন্ডি আবাহনী মাঠে আবারও দেখা গেছে পুরোনো দিনের সেই আবহ। দীর্ঘদিন পর মুখোমুখি হয়েছেন আবাহনী ও মোহামেডানের সাবেক ফুটবলাররা। এবার অবশ্য শিরোপা কিংবা পয়েন্টের লড়াই নয়, উপলক্ষ ছিল মিলনমেলা, স্মৃতিচারণ আর প্রীতি ম্যাচ।

বৃষ্টিভেজা দিনে মাঠে নেমে পুরোনো সতীর্থদের সঙ্গে সময় কাটিয়েছেন দুই দলের সাবেক খেলোয়াড়রা। কেউ স্মরণ করেছেন শিরোপা জয়ের আনন্দ, কেউ ফিরে গেছেন মাঠের সেই উত্তেজনাপূর্ণ দিনগুলোতে। প্রতিদ্বন্দ্বিতা থাকলেও মাঠের বাইরে বন্ধুত্ব যে অটুট ছিল, সেই গল্পও উঠে এসেছে তাদের কথায়।

মোহামেডানের সাবেক ফুটবলার সৈয়দ রুম্মন বিন ওয়ালি সাব্বিরের কাছে আয়োজনটির বিশেষ তাৎপর্য রয়েছে। প্রয়াত বর্ষীয়ান ফুটবল কর্মকর্তা হারুনের প্রতি শ্রদ্ধা জানাতেই এই উদ্যোগ বলে জানিয়েছেন তিনি। ১-১ ড্র হওয়া ম্যাচ নিয়ে সাব্বির বলেন, ‘এইটা অনলি ফর হারুন ভাই। হারুন ভাই একজন বর্ষীয়ান অফিসিয়াল ছিলেন। আমরা যারা ইয়াং জেনারেশন, তারা হারুন ভাইকে ওইভাবে পাইনি। আমরা যেমন ইলিয়াস ভাইকে পেয়েছি, কায়সার ভাইকে পেয়েছি এবং সালাউদ্দিন ভাইকে পেয়েছি। হারুন ভাই কী ধরনের অফিসিয়াল ছিলেন, সেটা আমরা জানি। উনি সত্যিকার অর্থে অতি ভদ্র, নম্র এবং চৌকস অফিসিয়াল ছিলেন। সেই কারণে আমরা একমত হয়ে আবাহনী মাঠে খেলতে এসেছি তার সৌজন্যে।’

আবাহনী-মোহামেডানের লড়াইয়ে মাঠের উত্তেজনা কেমন ছিল, সেটিও তুলে ধরেছেন সাব্বির। তার কাছে প্রতিপক্ষের পরিচয়ের চেয়ে মাঠের লড়াইটাই ছিল বেশি গুরুত্বপূর্ণ। তিনি বলেন, ‘আমি যখন মাঠে খেলতাম, তখন কোন টিম কী খেলছে, সেটা আমার কাছে বিবেচ্য ছিল না। আমি প্রতিদ্বন্দ্বীকে সবসময় শক্ত প্রতিদ্বন্দ্বী হিসেবেই ধরতাম। মাঠে সে আবাহনী কি মোহামেডান, ওইটা অনুভব হতো না। অন্য একটা দল হিসেবেই দেখতাম। কিন্তু আমি আমার স্বাভাবিক খেলাটা খেলতে পারতাম।’

তবে ম্যাচের আগে উত্তেজনা কাজ করতো তার মধ্যেও। সাব্বিরের ভাষায়, ‘মোহামেডান-আবাহনী খেলা, এর আগে টেনশন হতো। যেই মনে করেন খেলা শুরু হলো, বলটা যখন খেলা শুরু করে দিলাম, তখন আর ওই টেনশনটা মাথায় কাজ করে না। তখন একটাই বিষয় থাকতো- জয়ের টেনশন, কীভাবে জিততে পারবো সেই টেনশন।’

আবাহনী ও মোহামেডান দুই দলের হয়েই খেলেছেন সাবেক ফুটবলার মাসুদ। তার কাছে এই দ্বৈরথ বাংলাদেশের ফুটবলের ঐতিহ্যের অংশ। মাসুদ বলেন, ‘আবাহনী-মোহামেডান তো জানেন, বাংলাদেশের একসময়কার ঐতিহ্য ছিল। আবাহনী-মোহামেডান খেলা মানেই সারা বাংলাদেশের একটা উত্তেজনা। তারপর আজকে আমাদের এক্স প্লেয়াররা খেলছে, একটা মিলনমেলার মতো হলো। খুবই ভালো লাগছে।’

সাবেক স্ট্রাইকার ইমতিয়াজ আহমেদ নকিবের কাছেও দিনটি ছিল বিশেষ। ২০০৭ সালে খেলা ছাড়ার পর সাবেকদের এমন আয়োজনে আবারও আবাহনী-মোহামেডানের আবহ ফিরে পেয়েছেন তিনি। আবাহনীর বিপক্ষে নিজের গোলের স্মৃতিও মনে করিয়ে দিয়েছেন নকিব। তার দাবি, ঢাকা, খুলনা ও চট্টগ্রাম আবাহনীর বিপক্ষে যতবার খেলেছেন, প্রতিটি দলের বিপক্ষেই হ্যাটট্রিক রয়েছে তার।

আবাহনীর সাবেক ফুটবলার মেহেদী হাসান উজ্জ্বলের কাছে আবাহনী-মোহামেডান ম্যাচের আবেগ ছিল অন্যরকম। দীর্ঘ ক্যারিয়ারে দলবদলের পর শুধু আবাহনীর হয়েই খেলেছেন তিনি। উজ্জ্বল বলেন, ‘অবশ্যই এই অনুভব অন্যরকম। কারণ আমার তো একটাই ক্লাব। আমি একটিমাত্র দলবদল করার পরে শুধুমাত্র আবাহনী লিমিটেডেই খেলি। এই দীর্ঘ জীবনে যত বছরই খেলা হয়েছে, সব ম্যাচের থেকে আপনারাও সবাই জানেন, আমরাও জানি যে টিমের পজিশনের থেকেও বেশি ইমোশন ক্যারি করতো এই ম্যাচটাতে।’

দীর্ঘদিন পর মাঠে এসে সেই আবেগ আবারও অনুভব করেছেন উজ্জ্বল। তিনি বলেন, ‘আজকে যেন হঠাৎ করে মাঠে এসে সেই ইমোশনটা আবার পুনর্জাগ্রত হয়েছে দেখলাম সবার ভেতর। আমার একার ভেতরে মনে করছিলাম, কিন্তু মাঠে এসে দেখলাম না, এটা প্রতিটা প্লেয়ারের ভিতরেই সেই ইমোশনটা কাজ করছে।’

প্রায় ২৫ বছর পর আবারও আবাহনী-মোহামেডানের ম্যাচে মাঠে নেমেছেন সাবেক ফুটবলার ফিরোজ মাহমুদ টিটু। নিজের স্মৃতি হাতড়ে তিনি বলেন, ‘আসলে সর্বশেষ মনে হয় আমি আবাহনী-মোহামেডান খেলছি ২০০১-এ। ২০০১ সালে সেই আবাহনী-মোহামেডান ম্যাচ খেলছি, এরপরে আর খেলা হয়নি।’

একসময় যে দ্বৈরথ ঘিরে পুরো দেশের ফুটবলপ্রেমীদের চোখ থাকত, সেই আবাহনী-মোহামেডান লড়াইয়ের পুরোনো উত্তাপ হয়তো আর আগের মতো নেই। তবে সাবেকদের এই মিলনমেলায় স্পষ্ট হয়েছে, সময় বদলালেও সেই আবেগ, বন্ধুত্ব আর স্মৃতির রং ফিকে হয়নি।